বাংলাদেশ প্রতিবেদকঃ নিজ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা ও জোট সরকারের সংকটের কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আসন্ন বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত করা হয়েছে। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের রাষ্ট্রীয় সফরে তাঁর ঢাকায় আসার কথা ছিল।
শনিবার (২৮ নভেম্বর) রাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
কূটনৈতিক সূত্র জানায়, সফরটি স্থগিত করার বিষয়টি জানিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশের কাছে একটি আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী সময়ে সফরের নতুন দিনক্ষণ সম্পর্কে ঢাকাকে অবহিত করবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, উভয় দেশের পারস্পরিক সুবিধাজনক সময়ে সফরটি পুনর্নির্ধারণ করা হবে। ঢাকা সফর শেষে আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও সেটিও স্থগিত ঘোষণা করা হয়েছে।
মালয়েশিয়ার নির্ভরযোগ্য সূত্রগুলোর তথ্য অনুযায়ী, দেশটির ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম প্রধান শরিক দল ডেমোক্রেটিক অ্যাকশন পার্টি (ডিএপি) নীতিগত মতপার্থক্যের জেরে সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এর ফলে আনোয়ার ইব্রাহিমের নেতৃত্বাধীন জোট সরকার তীব্র রাজনৈতিক সংকটের মুখে পড়েছে। উদ্ভূত এই জটিল পরিস্থিতি সামাল দিতেই তিনি বিদেশ সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গত ২২ নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহিমের ৭ ও ৮ ডিসেম্বরের সফরের তারিখ চূড়ান্ত করা হয়েছিল। এমনকি সফরকালীন সময়ে তাঁকে রাষ্ট্রীয় ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবেও ঘোষণা করা হয়েছিল।
সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল। ওই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অভিবাসী কর্মী নিয়োগ ও তাঁদের কল্যাণ, জ্বালানি নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচ্যসূচিতে ছিল।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুন মাসে মালয়েশিয়া সফর করেছিলেন তারেক রহমান। সেটিই ছিল প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর। এর আগে সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৪ সালের অক্টোবরে সর্বশেষ ঢাকা সফর করেছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

