বাংলাদেশ প্রতিবেদকঃ রাজধানীতে অস্থিতিশীলতা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশের বিশেষ শাখার (এসবি) পলাতক সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই ভাইকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে মিরপুর ডিওএইচএসে এই ঝটিকা অভিযান চালানো হয়।
পুলিশের দাবি, বিদেশে বা অজ্ঞাত স্থানে পলাতক থাকা সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মনিরুল ইসলামের সরাসরি নির্দেশনায় তার স্ত্রী সায়লা ফারজানা ঢাকায় সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের ছক কষছিলেন। এই পরিকল্পনায় তার দুই ভাইও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে গোয়েন্দারা। তবে আটককৃত দুই শ্যালকের বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ করেনি পুলিশ।
সায়লা ফারজানা প্রশাসন ক্যাডারের একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা। নাশকতার অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের একটি মামলা চলমান রয়েছে। তবে রোববার ভোরের এই আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে নতুন করে কোনো মামলা দায়ের করা হয়েছে কি না, সে বিষয়ে ডিবি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। বর্তমানে তাদের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটক সায়লা ফারজানা সর্বশেষ সরকারের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ক্ষমতার পটপরিবর্তনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।
অন্যদিকে, তার স্বামী মনিরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। অতিরিক্ত আইজিপি পদমর্যাদায় এসবি প্রধানের দায়িত্বে থাকা অবস্থায় ২০২৪ সালের ১৩ আগস্ট তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। বর্তমানে তার বিরুদ্ধেও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের একাধিক অনুসন্ধান ও মামলা চলমান রয়েছে।

