
গোপালগঞ্জ প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার লকডাউনে গোপালগঞ্জ জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড তৈরি করায় জেলার সঙ্গে ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ প্রায় অচল হয়ে পড়েছে। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান; জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।
রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে গোপালগঞ্জ শহর ও বিভিন্ন উপজেলায় এই লকডাউনের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যেকোনো ধরনের নাশকতা এড়াতে জেলায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
সকাল থেকেই গোপালগঞ্জ শহরের প্রধান সড়কগুলো ছিল অনেকটাই ফাঁকা; গণপরিবহন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকায় শহরের ভেতরের অলিগলিতে সীমিত আকারে রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলতে দেখা গেছে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে গাছের গুঁড়ি ও বাধা ফেলে অবরোধ সৃষ্টি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর ফলে—এই দুটি গুরুত্বপূর্ণ মহাসড়কের গোপালগঞ্জ অংশের একাধিক পয়েন্টে ব্যারিকেড সৃষ্টি হওয়ায় যান চলাচল বিঘ্নিত হচ্ছে।
গোপালগঞ্জ-টেকেরহাট এবং পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জেলায় আগে থেকেই ট্রেন চলাচল বন্ধ থাকায় সড়ক ও রেল—উভয় পথেই যাতায়াত ব্যাহত হচ্ছে। পাশাপাশি শহরের বাজার ও দোকানপাট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শ্রমজীবী, ব্যবসায়ী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী যাত্রীরা।
যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা সহিংসতা প্রতিহত করতে সকাল থেকেই গোপালগঞ্জ শহর ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে বিজিবির টহল এবং তল্লাশি কার্যক্রম চোখে পড়েছে। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়, জেলা কারাগার, আদালত চত্বর ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর সামনে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তবে দুপুর পর্যন্ত জেলার কোথাও লকডাউনকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষ বা নাশকতার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হেলালউদ্দিন ভূঁইয়া জানান, জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করছে।
