পদ্মা সেতু প্রান্তে রণক্ষেত্র: নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২; পুড়ল ২০ মোটরসাইকেল ও রেস্তোরাঁ

0
পদ্মা সেতু প্রান্তে রণক্ষেত্র: নিষিদ্ধ আ.লীগ-বিএনপি সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২; পুড়ল ২০ মোটরসাইকেল ও রেস্তোরাঁ

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, গোলাগুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আরও দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে জাজিরার বিকেনগর ও নাওডোবা গোলচত্বর এলাকায় এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। নিহত ব্যক্তি যুবলীগের একজন কর্মী বলে প্রাথমিক সূত্রে জানা গেছে, তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে বিকেনগর ও নাওডোবা জমাদ্দার মোড় হয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। সে সময় এক্সপ্রেসওয়ের ওপর শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন।

বিএনপির নেতাকর্মীরা অবরোধকারীদের প্রতিহত করার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে তুমুল ধাওয়া-পাল্টাধাওয়া ও গোলাগুলি শুরু হয়। একপর্যায়ে অবরোধকারীরা বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণ ঘটালে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। তীব্র ককটেল হামলার মুখে এমপি সাঈদ আহমেদসহ বিএনপির নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হন।

বিএনপি নেতাকর্মীরা সরে যাওয়ার পর অবরোধকারীরা এক্সপ্রেসওয়ের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এক্সপ্রেসওয়েতে থাকা বিএনপির অবস্থান কর্মসূচির প্যান্ডেল-তাঁবু ভাঙচুরের পাশাপাশি নেতাকর্মীদের অন্তত ২০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

নাওডোবা গোলচত্বরে পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে অবস্থিত ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলে আগুন দেওয়া হলে ভেতরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তাণ্ডব চলাকালে অবরোধকারীদের মাইকে ঘোষণা দিয়ে থানা ও পদ্মা সেতুর টোল প্লাজায় কোনো ধরনের হামলা না করার নির্দেশ দিতে শোনা যায়। ফলে সেতুর টোল প্লাজা কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই অক্ষত রয়েছে।

সংঘর্ষ ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের কারণে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সেতুর উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হতাহতের বিষয়টি নিশ্চিত করে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পদ্মা সেতু অবরোধ করতে গেলে বিএনপির সঙ্গে সংঘর্ষ বাধে। এতে একজন নিহত ও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। অবরোধের কারণে পদ্মা সেতুতে প্রায় ৪৫ মিনিট যান চলাচল বন্ধ ছিল।”

অন্যদিকে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান জানান, নাশকতার আশঙ্কায় পুলিশ রাত থেকেই সতর্ক অবস্থানে ছিল। সকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ করা হলে পুলিশ ধৈর্য ধরে ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি শান্ত করে। ঘটনাস্থল থেকে ককটেলের ধ্বংসাবশেষসহ আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।