লর্ডসের অনিশ্চিত কিশোর থেকে মহাকাব্যের শেষ পাতায়: মিরপুরেই টেস্টের ইতি টানছেন মুশফিকুর রহিম

0
লর্ডসের অনিশ্চিত কিশোর থেকে মহাকাব্যের শেষ পাতায়: মিরপুরেই টেস্টের ইতি টানছেন মুশফিকুর রহিম

ক্রীড়া প্রতিবেদকঃ প্রায় ২২ বছর ধরে বাংলাদেশের ক্রিকেটে নির্ভরতার প্রতীক ও অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা মুশফিকুর রহিম এবার বিদায়ের ঘণ্টা বাজাচ্ছেন। একের পর এক সতীর্থের আসা-যাওয়া দেখেছেন, নিজেকে ছাড়িয়ে গেছেন বারবার, আর হয়েছেন দেশের টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক। আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন এই অভিজ্ঞ ব্যাটার—বিসিবি সভাপতি তামিম ইকবালের ঘোষণার পর যেন এক স্বর্ণালি অধ্যায়ের যবনিকা পাতের প্রহর গোনা শুরু হয়েছে।

২০০৫ সালের ২৬ মে লর্ডসে মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। শুরুটা ছিল অত্যন্ত কঠিন ও অনিশ্চয়তায় ভরা; প্রথম ১৬ ইনিংসে মাত্র একটি ফিফটি করেছিলেন, গড় ছিল মাত্র ১০.৮৮। অথচ দুই দশকের বেশি সময়ে সেই মুশফিকই হয়ে ওঠেন অপ্রতিরোধ্য।

সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো সহজাত প্রতিভা কিংবা মাশরাফি বিন মুর্তজার মতো নেতৃত্বের ক্যারিশমা হয়তো তার ছিল না; কিন্তু নিষ্ঠা, অনুশীলনের শৃঙ্খলা ও খুঁটিনাটি বিষয়ে একাগ্রতায় তিনি ছিলেন অনন্য। ৩৯ বছর বয়সেও অনুশীলনে সবার আগে পৌঁছানো ক্রিকেটারদের একজন ছিলেন মুশফিক।

১০৮টি টেস্টের মধ্যে ৫৫টিতে কিপিং গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন। প্রতিপক্ষের দীর্ঘ ব্যাটিংয়ের পর ক্লান্ত শরীরে ব্যাট হাতে নেমে দলকে বাঁচানোর লড়াই করেছেন অসংখ্যবার। বাংলাদেশের হয়ে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক মুশফিক; এর মধ্যে ২০১৩ সালে গলে ২০০ এবং ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রানের ইনিংস দুটি কিপিংয়ের পাশাপাশি খেলা—যা টেস্ট ইতিহাসে একাধিক ডাবল সেঞ্চুরি করা একমাত্র উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে তাকে আলাদা জায়গা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া বার্তায় ২২ বছরের স্বপ্নযাত্রার জন্য মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুশফিক। পরিবার, কোচ, সতীর্থ ও দর্শকদের ভালোবাসার কথা স্মরণ করে মিরপুরের গ্যালারিতে প্রতিধ্বনিত হওয়া ‘মুশফিক, মুশফিক’ স্লোগানকে হৃদয়ের বিশেষ জায়গায় স্থান দিয়েছেন তিনি। পাশাপাশি স্বপ্ন পূরণের পাশাপাশি ভালো মানুষ হওয়া, বিনয়ী থাকা ও অন্যদের অনুপ্রাণিত করার আহ্বান জানিয়েছেন সবার প্রতি।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার আশা করেছিলেন, মে-জুনে লর্ডসে অনুষ্ঠেয় টেস্ট খেলে অভিষেকের আঙিনাতেই ক্যারিয়ারের ইতি টানবেন মুশফিক। তবে ২০২৭ সালের ১৪ ফেব্রুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ টেস্ট খেলতে নামলে তার টেস্ট ক্যারিয়ারের বয়স দাঁড়াবে ২১ বছর ২৬৪ দিন—যা টেস্ট ইতিহাসের দীর্ঘতম ক্যারিয়ারগুলোর একটি হয়ে থাকবে।

মুশফিকের টেস্ট ক্যারিয়ারের সেরা ৫ ইনিংস

৯১ রান বনাম পাকিস্তান (রাওয়ালপিন্ডি, ২০২৪): পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে চাপে পড়ে যাওয়া দলকে টেনে তোলেন মুশফিক। লিটন দাসের সঙ্গে ১১৪ ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে ১৯৬ রানের জুটিতে বাংলাদেশ পায় ১১৭ রানের লিড, যা শেষ পর্যন্ত ১০ উইকেটের ঐতিহাসিক জয়ের ভিত্তি গড়ে।

২০০ রান বনাম শ্রীলঙ্কা (গল, ২০১৩): বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি। মোহাম্মদ আশরাফুলের সঙ্গে ২৬৭ রানের জুটি গড়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টেস্ট ড্র করার নায়ক ছিলেন তিনি।

১৩৭ রান বনাম পাকিস্তান (সিলেট, ২০২৬): দ্বিতীয় ইনিংসে ধৈর্যশীল ব্যাটিংয়ে পাকিস্তানের পেসারদের ক্লান্ত করে তোলেন এবং ১৪তম শতক ছুঁয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়েন; ম্যাচটি ৭৮ রানে জেতে বাংলাদেশ।

৫২ ও অপরাজিত ২২ রান বনাম শ্রীলঙ্কা (কলম্বো, ২০১৭): বাংলাদেশের শততম টেস্টে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ ফিফটির পর চতুর্থ ইনিংসে ১৯১ রানের লক্ষ্য তাড়ায় শেষ পর্যন্ত অবিচল থেকে ঐতিহাসিক জয় ও সিরিজ সমতা নিশ্চিত করেন।

১০১ রান বনাম ভারত (চট্টগ্রাম, ২০১০): কঠিন পরিস্থিতিতে টেল-এন্ডারদের নিয়ে লড়ে প্রথম টেস্ট শতকের দেখা পান এবং ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটে তার বড় অবদান রাখার স্পষ্ট বার্তা দেন।

রেকর্ডগুলো হয়তো ভবিষ্যতে অন্য কেউ ভেঙে দেবেন, কিন্তু শৃঙ্খলা, দৃঢ়তা ও আত্মনিবেদনের যে মানদণ্ড মুশফিকুর রহিম দাঁড় করিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটে সেটিই থেকে যাবে চিরকালীন উত্তরাধিকার হিসেবে।