
বাংলাদেশ প্রতিবেদকঃ আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অবাধ, সুন্দর ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনব্যাপী ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপের উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্টভাবে জানিয়েছেন, নির্বাচন দলীয় প্রতীকে না হলেও মাঠে রাজনৈতিক দলগুলোর প্রভাব থাকে; তাই সব দলের আন্তরিক সহযোগিতা ছাড়া সুষ্ঠু ভোট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়। প্রথম দিনে আমন্ত্রিত ১৮টি রাজনৈতিক দলের মধ্যে অধিকাংশ দলের প্রতিনিধিরা সকাল থেকেই নির্বাচন ভবনে উপস্থিত হন।
সংলাপের সূচনা বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, “সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রতিশ্রুতির বাইরে নির্বাচন কমিশনের দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। সব অংশীজনের সহযোগিতার কারণে ভালো জাতীয় নির্বাচন করা সম্ভব হয়েছে। ইউনিয়ন পর্যায়ে মানুষের নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে স্থানীয় সরকার নির্বাচনের শুরুতেই ইউপি ভোট আয়োজন করা হচ্ছে।”
নির্বাচনের চ্যালেঞ্জ তুলে ধরে তিনি আরও বলেন, এবারের ইউপি নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। তবে নির্দলীয় হলেও স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর ব্যাপক প্রভাব থাকে। তাই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দলগুলোর সহযোগিতা অপরিহার্য।
ইসির আমন্ত্রণে রাজনৈতিক দলগুলো সংলাপে অংশ নেওয়ায় দেশে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে সব দল একমত বলে মনে করে কমিশন।
ভোটে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। কমিশন সব পক্ষকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে তা মোকাবিলা করতে এবং প্রতিটি ধাপে সমানভাবে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করবে।
টানা তিন দিন (২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর) মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে ইসি। তবে নিবন্ধন স্থগিত থাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি, জাসদ, তরীকত ফেডারেশন ও সাম্যবাদী দলকে এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি।
সংলাপের প্রথম দিনে আমন্ত্রণ জানানো হলেও জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির কোনো প্রতিনিধি বৈঠকে অংশ নেননি। জানা গেছে, জামায়াতে ইসলামী এককভাবে সংলাপে না বসে তাদের নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের ব্যানারে জোটগতভাবে আমন্ত্রণ জানাতে ইসির কাছে চিঠি দিয়েছে।
তবে জোটগতভাবে সংলাপে যাওয়ার বিষয়ে শরিক দলগুলোর মধ্যে মতভেদ দেখা দিয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এবি পার্টি জোটের পরিবর্তে আলাদাভাবে নিজস্ব দলীয় ব্যানারে ইসির সংলাপে অংশ নেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। এনসিপি নেতাদের মতে, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক বা জোটগতভাবে হচ্ছে না এবং ইসি আলাদাভাবে আমন্ত্রণ জানিয়েছে, তাই এককভাবে বৈঠক করাই যৌক্তিক।
এবারের ইউপি নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে, প্রথম ধাপ (২১ জানুয়ারি): ১ হাজার ৪২টি ইউনিয়ন, দ্বিতীয় ধাপ (৪ ফেব্রুয়ারি): ১ হাজার ৬৯টি ইউনিয়ন,তৃতীয় ধাপ (২৯ এপ্রিল): ১ হাজার ২৪টি ইউনিয়ন,চতুর্থ ধাপ (১৩ মে): ৮১৩টি ইউনিয়ন,পঞ্চম ধাপ (২৭ মে): ৩৮৪টি ইউনিয়ন
রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিন দিনের এই সংলাপ শেষ হওয়ার পর মাঠপর্যায়ের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট বাহিনীগুলোর সঙ্গে আলাদা বৈঠকে বসবে নির্বাচন কমিশন।
