নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাক, ঘুমন্ত কলেজছাত্রের মৃত্যু

0
নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাক, ঘুমন্ত কলেজছাত্রের মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতঘরে ঢুকে পড়ে। এতে ট্রাকের চাপায় ঘুমন্ত অবস্থায় রাজিব নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। উপজেলার মহিশলুটি এলাকায় আজ সোমবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিব মহিশলুটি এলাকার মৃত রহিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আজ ঢাকা থেকে রাজশাহীগামী রডবোঝাই একটি ট্রাক তাড়াশের মহিশলুটি এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বসতবাড়িতে ঢুকে পড়ে। এ সময় ওই বাড়িতে ঘুমিয়ে ছিলেন রাজিব। ট্রাকটি বাড়িতে ঢুকে রাজিবকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও ট্রাকটি উদ্ধার করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরন্নবী প্রধান এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।