ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দেয়ায় উত্তম মজুমদার গ্রেফতার

0

বাংলাদেশ প্রতিবেদক: খুলনায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট দেয়ার অপরাধে উত্তম মজুমদার (৩১) নামের এক যুবককে র‌্যাব গ্রেফতার করেছে।

র‌্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, কুমিল্লার মন্দিরে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মাধ্যমে নিজের ক্ষোভ মেটাতে চেয়েছিল উত্তম মজুমদার। তার মতে দেশে সনাতন ধর্মাবলম্বীরা নির্যাতিত। এ জন্য সে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে বিভ্রান্তিকর ও উগ্রবাদী বিভিন্ন পোস্ট করে। বিষয়টি র‌্যাব-৬ খুলনার নজরে এলে একটি টিম কেএমপি খুলনার লবণচরা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে বোখারীয়া জামে মসজিদের সামনের কালভার্টের উপর থেকে বুধবার রাতে ওই ফেসবুক পেজের অ্যাডমিন উত্তম মজুমদারকে গ্রেফতার করে। উত্তম বাগেরহাট জেলার চিতলমারি থানার অশোক নগর গ্রামের অমল মজুমদারের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উত্তম সাইবার অপরাধের সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। উত্তম বরিশাল বিএম কলেজ থেকে এমএ সম্পন্ন করে খুলনায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আসছিল। গত ১৩ অক্টোবর থেকে উত্তম তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য পোস্ট করে আসছিল। সে নিজে ওই পেজের অ্যাডমিন এবং তার সমমনা আরো কয়েকজনকে অ্যাডমিন হিসেবে নিযুক্ত করে। খুব দ্রুতই ওই পেজের সদস্য ও ফলোয়ার কয়েক হাজার ছাড়িয়ে যায়। উত্তম মজুমদারকে খুলনার লবণচরা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।