মাসুদ রানা রাব্বানী: রাজশাহী মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখা, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং সামগ্রিক অপরাধ দমন কার্যক্রম জোরদারের লক্ষ্যে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
শনিবার (৬ জুন) দুপুর ১২টায় আরএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। সভায় পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মহানগরীকে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগানো প্রয়োজন। বিশেষ করে ক্রাইসিস ম্যানেজমেন্ট, অপরাধ প্রতিরোধ ও অপরাধ তদন্তে তাদের অভিজ্ঞতা বর্তমান পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই প্রতিরোধ এবং অপরাধ দমনে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও ছিনতাই নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান তারা। সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপির উপ-পুলিশ কমিশনার (সদর), উপ- পুলিশ কমিশনার (ফোর্স), বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি), আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড সিটিটিসি), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) এবং রাজশাহীতে বসবাসরত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা।
সভা শেষে পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে সমšি^তভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

