বাংলাদেশ প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ‘জিয়া অরফানেজ ট্রাস্ট’ মামলায় জাল নথি প্রস্তুত ও মিথ্যা সাক্ষ্য প্রদানের অভিযোগে সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ আগস্ট) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
ডিবি সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে বিমানযোগে ঢাকায় ফিরছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অবস্থান নেন গোয়েন্দা কর্মকর্তারা। পরে রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা বিভাগ জানায়, সৈয়দ জগলুল পাশা একাধিক চিহ্নিত মামলার এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে থাকা উল্লেখযোগ্য মামলাসমূহ হচ্ছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য প্রদান ও জাল নথি প্রস্তুতকরণের অভিযোগ। গুলশান থানায় দায়েরকৃত একটি মামলা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত হত্যা মামলা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় অপারেশন ‘ঈগল হান্ট’ সংক্রান্ত মামলা, কুষ্টিয়ার দৌলতপুর থানায় বিএনপি নেতা আলতাব হোসেন হত্যা মামলা এবং ২০১৩ সালে বনানীতে বিএনপির কার্যালয়ের সামনে বালুভর্তি ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অভিযোগ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সৈয়দ জগলুল পাশার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ ও আদালতে সোপর্দ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

