বাংলাদেশ প্রতিবেদকঃ কর্মস্থল থেকে অননুমোদিত অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বুধবার রাষ্ট্রপতির (ভারপ্রাপ্ত) অনুমোদনক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে দীর্ঘদিনের অননুমোদিত অনুপস্থিতি ও পলায়নের কারণে সরকারি চাকরি আইন, ২০১৮-এর বিধি অনুযায়ী এই কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পরবর্তীতে তদন্তে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় চূড়ান্তভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বরখাস্ত হওয়া ৬ কর্মকর্তা হলেন, বিপ্লব কুমার সরকার সাবেক যুগ্ম কমিশনার, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সুদীপ কুমার চক্রবর্তী সাবেক যুগ্ম কমিশনার, ডিএমপি। ইকবাল হোসাইন সাবেক উপকমিশনার (ডিসি), ওয়ারী বিভাগ, ডিএমপি। মো. গোলাম রুহানী সহকারী পুলিশ কমিশনার (এসি), ডিএমপি (পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেষণে সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন)। তিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই। কাজী আশরাফুল আজীম অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাময়িক বরখাস্ত অবস্থায় সংযুক্ত ছিলেন। রাজন কুমার দাস অতিরিক্ত পুলিশ সুপার, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), উখিয়া, কক্সবাজার।
প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থ রক্ষার্থে এই বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর করা হবে এবং অভিযুক্ত কর্মকর্তারা কোনো ধরনের সরকারি সুযোগ-সুবিধা পাবেন না।

