জয়পুরহাট প্রতিবেদক: জয়পুরহাটে রবিদাস সম্প্রদায়ের ১১৬ জন কর্মজীবীর মাঝে টুলবক্স, ছাতা ও জুতা পরিষ্কার করার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে জেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান। অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ মুশফিকুর রহমান ও জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ প্রমুখ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্থান থেকে আসা রবিদাস সম্প্রদায়ের ১১৬ জন সুফলভোগী—যারা সাধারণত জুতা তৈরি ও জুতা মেরামতের কাজে নিয়োজিত, তাদের হাতে প্রয়োজনীয় জিনিসপত্র, ছাতা ও টুলবক্স তুলে দেওয়া হয়।
উপকরণ পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জয়পুরহাট পৌর এলাকার শিল্পা রবিদাস বলেন, “বর্ষা আর কড়া রোদের মধ্যে রাস্তায় বসে কাজ করতে খুব কষ্ট হতো। আজ ছাতা ও নতুন টুলবক্স পেয়ে আমাদের কাজের সুবিধা হলো। এতে আমরা পরিবার নিয়ে একটু ভালোভাবে চলতে পারব।”
উপকারভোগী মন্টু রবিদাস বলেন, “আমাদের পুরনো বাক্সে সরঞ্জাম রাখা ও বহন করা কঠিন ছিল। জেলা পরিষদের এই উদ্যোগে প্রয়োজনীয় নতুন সামগ্রী পেয়ে আমাদের কাজের গতি বাড়বে।”
একই অনুভূতি জানিয়ে সিতারাম রবিদাস বলেন, “আমাদের মতো খেটে খাওয়া মানুষদের কাজের প্রতি সম্মান জানিয়ে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমরা জেলা পরিষদকে ধন্যবাদ জানাই।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, সমাজে অবহেলিত ও প্রান্তিক পেশাজীবীদের স্বাবলম্বী করা এবং তাদের কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই জেলা পরিষদ এই সহায়তার উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

