তাহিরপুর প্রতিবেদক: বিদায়ের মুহূর্তে স্মৃতির ভার,নতুনের আগমনে প্রত্যাশার আলো এমন আবেগঘন পরিবেশে সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্বে পালাবদল হয়েছে। বিদায়ী ইউএনও মেহেদী হাসান মানিককে সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় এবং নবাগত ইউএনও মিজ রিপামনি দেবীকে ফুল দিয়ে বরণ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিদায়-বরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,জনপ্রতিনিধি,সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মেহেদী হাসান মানিকের কর্মকালীন বিভিন্ন কর্মকাণ্ড ও জনসেবামূলক উদ্যোগের কথা তুলে ধরে বক্তারা তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।পরে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বিদায়ী ইউএনও মেহেদী হাসান মানিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
অন্যদিকে নবাগত ইউএনও মিজ রিপামনি দেবীকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী ইউএনও মেহেদী হাসান মানিক। পরে তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান চেয়ারম্যান জুনাব আলী।
নবাগত ইউএনও মিজ রিপামনি দেবী তাহিরপুরের উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।তিনি আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে উপজেলা প্রশাসনের কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিদায়ী ইউএনও মেহেদী হাসান মানিকও দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য তাহিরপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাহিরপুরের মানুষের ভালোবাসা ও সহযোগিতার কথা স্মরণ করে আবেগঘন অনুভূতি ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদ,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
আবেগঘন বিদায়-বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায়ী ইউএনও মেহেদী হাসান মানিকের কর্মকাল শেষ হওয়ার পাশাপাশি নবাগত ইউএনও মিজ রিপামনি দেবীর নেতৃত্বে তাহিরপুর উপজেলা প্রশাসনের নতুন পথচলা শুরু হলো।

