চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক এনামুল হক খোকনের মৃত্যু

0

হাসানুজ্জামান তুহিন: গতকাল বুধবার সকালে ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি এনামুল হক খোকন ঢাকা ইউনাইটেড হাসপাতালে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উল্লেখ্য, গত ১৭ নভেম্বর ২০১৮ শনিবার পেশাগত দায়িত্বপালন শেষে সিরাজগঞ্জ থেকে মোটর সাইকেলে তার নিজ বাড়ী শাহজাদপুরের তালগাছিতে ফেরার পথে রাত ৮টার দিকে উল্লাপাড়া পূর্ব দেলুয়া বাসষ্ট্যান্ড এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে রাতেই সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় ২ মাস আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করে গতকাল বুধবার সকাল পৌনে ৯ টার সময় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি তিন সন্তান ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শাহজাদপুর প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠন ও গন্যমান্য ব্যাক্তিবর্গ আলাদা আলাদা ভাবে শোক প্রকাশ করেছে।