অশ্লীল ভিডিও ছড়িয়ে দেয়ায় ‘বাদশা ট্যাটু’ গ্রেফতার

0

কাগজ প্রতিবেদক: অনলাইনে অশ্লীল ভিডিও প্রকাশ করার অভিযোগে মো. তারিকুল ইসলাম বাদশাহ ওরফে ট্যাটু বাদশাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।
আজ বুধবার ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নাজমুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তারিকুলকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর ওই অশ্লীল ভিডিওসহ তার মোবাইল ও ফেসবুক পেজ জব্দ করা হয়েছে।
পুলিশের সাইবার ক্রাইম বিভাগ জানায়, তারিকুল তার নিজস্ব ট্যাটু স্টুডিও নিউমার্কেট নামের ফেসবুক পেজ থেকে এক নারীর অর্ধ উলঙ্গ শরীর নিয়ে একজন পুরুষের বিভিন্ন রকম তামাশা ও কুরুচিপূর্ণ কথা বলার ভিডিও বানিয়ে প্রকাশ করে।
ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয় এবং অনলাইনে অনেকেই এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার জন্য মন্তব্য করেন। তারিকুলের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রমনা থানায় একটি মামলা করা হয়েছে।