সাঁথিয়ায় রাস্তার উপর বিদ্যুতের খুঁটি, মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা

0
সাঁথিয়ায় রাস্তার উপর বিদ্যুতের খুঁটি, মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় রাস্তার উপর বিদ্যুতের খুঁটি থাকায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ফলে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা। এ নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই। ভোগান্তিতে আছে জনগন। রোববার সরেজমিন দেখা যায়, উপজেলার ধুলাউড়ি-ডেমরা সড়কে ধুলাউড়ি নতুন পাড়া নামক স্থানে রাস্তার ওপর আধা কিলোমিটার দুরত্বের মধ্যে ৪টি বিদ্যুতের খুঁটি রয়েছে। এছাড়া উপজেলা সদরে সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার ১টি ও খড়হাটায় রাস্তার ওপর ১টি বিদ্যুতের খুঁটি রয়েছে। ধুলাউড়ি নতুনপাড়া গ্রামের বাসিন্দা ও ধুলাউড়ি মাদ্রাসার শিক্ষক রকিব উদ্দিন রতন ও একই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শামীম জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শতশত বাস,ট্রাক,যন্ত্রচালিত নসিমন,করিমন,অটোভ্যান,ব্যাটারী চালিত রিক্সা,ভ্যান চলাচল করে। রাস্তার উপর বিদ্যুতের খুঁটি থাকায় মাঝে মাঝেই যানবাহন দূর্ঘটনা কবলিত হয়। এগুলি অবিলম্বে অপসারন করা জরুরী। অনামিকা বাসের চালক মাসুদ ও ট্রাক চালক খোকন মিয়া বলেন রাস্তার ওপর আধা কিলোমিটারের মধ্যে ৪টি বিদ্যুতের খুঁটি থাকায় এখানে এসে গাড়ির গতি কমিয়ে দিতে হয়। ডাবল গাড়ি সাইড দিতে গিয়ে বেশী ঝুঁকি পোহাতে হয়। পর্যাপ্ত আলো না থাকায় রাতে চলাচলে ঝুঁকি আরও বেড়ে যায়। সাঁথিয়া পাইলট উচ্চবিদ্যালয়ের সামনের দোকানদাররা জানান, রাস্তার ওপর বিদ্যুতের খুঁটি থাকায় এখানে সব সময় যানজট ও ছোট খাটো দূর্ঘটনা লেগেই আছে। বিদ্যুতের খুঁটি অপসারন না করেই সম্প্রতি আর,এইচ,ডি মীরপুর, ঢাকা নামে ঠিকাদারী প্রতিষ্ঠান ধুলাউড়ি-ডেমরা রাস্তাটি সম্প্রসারন করেছেন। এ ব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে হারুন এর রশিদ বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। সাঁথিয়া উপজেলা প্রকৌশলী শহিদুল্লাহ বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে বৈদ্যুতিক খুঁটি অপসারণের চেষ্টা করবো। ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জরিফ আহমেদ বলেন প্রায় ১মাস আগে এ ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও তারা কোন পদক্ষেপ নেয়নি। পাবনা পল্লীবিদ্যুৎ

সমিতি-২ এর আতাইকুলা জোনের ডি,জি,এম তুষার কান্তি মন্ডল জানান, এ ব্যাপারে ঠিকাদার বা সংশ্লিষ্ট কেউ কোন আবেদন দেন নাই। সহজে যানবাহন চলাচলের সুবিধার্থে ও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী অবিলম্বে রাস্তার ওপর থেকে সকল বিদ্যুতের খুঁটি অপসারনের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন।