মির্জাপুরে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩

0
মির্জাপুরে বাসচাপায় দম্পতিসহ নিহত ৩

কাগজ প্রতিনিধি: জেলার মির্জাপুর উপজেলায় বাসচাপায় অটোরিকশার যাত্রী এক দম্পতিসহ তিনজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে ওই দম্পতির একমাত্র শিশুপুত্র।
রোববার সকালে উপজেলার কদিম দেওহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহসড়কে (পুরাতন) এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশার চালক মির্জাপুর পৌর এলাকার বাইমহাটী গ্রামের বাসিন্দা শরবেস আলী (৩০), উপজেলার বহুরিয়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের জাহাঙ্গীর (৪০) ও তার স্ত্রী তাসলিমা (৩০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর তার স্ত্রী ও দশ বছরের শিশুপুত্র বিজয়কে নিয়ে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ডাক্তার দেখাতে আসেন। ডাক্তার দেখিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় তারা বাড়ি ফিরছিলেন। পথে মহাসড়কের কদিম দেওহাটা এলাকায় গাজীপুর থেকে টাঙ্গাইলগামী একটি বাস (ঢাকা মেট্রো- জ- ১১-০২৮৫) অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাসলিমা নিহত হন। এছাড়া তার স্বামী জাহাঙ্গীর, ছেলে বিজয় এবং অটোরিকশার চালক শরবেস আলী গুরুতর আহত হন। তারা জানান, আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়ার পর জাহাঙ্গীর ও শরবেস আলীর মুত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করেছে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসচাপায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তিনটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।