গিয়াস কামাল: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া গ্রামের জমি দখল নেওয়ার জন্য ফলজ গাছ কর্তনের অভিযোগ উঠেছে একটি কোম্পানির বিরুদ্ধে। রোববার রাতে এ ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে জমির ক্ষতিগ্রস্থ মালিক মো. ফয়সাল বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁ থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিন্নিপাড়া এলাকায় আনিরা ইন্টারন্যাশনাল নামের একটি কোম্পানি ৭০/৮০ বিঘা জমি ক্রয় করে। জমি ক্রয় করে স্থানে একটি কোম্পানি গড়ে তোলা হয়। কোম্পানির মালিক আশরাফ মিয়া পাশ^বর্তী বিন্নিপাড়া গ্রামের মো. ফয়সাল মিয়া ৫ তলা বাড়িসহ ১৬শতাংশ জমি জোরপূর্বক দখল করার পাঁয়তারা করছে। বাড়িসহ জমিটি বিক্রি করতে রাজি না হওয়ায় কোম্পানির সন্ত্রাসী বাহিনী রোববার রাতে মো. ফয়সাল মিয়া আম বাগানের ৭/৮টি আম গাছ কেটে ফেলে রাখে। ঘটনার পর গতকাল সোমবার সকালে জমির ক্ষতিগ্রস্থ মালিক মো. ফয়সাল বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন। ক্ষতিগ্রস্থ ফয়সাল মিয়া জানান, দীর্ঘদিন ধরে কাবিলগঞ্জ গ্রামের শামসুদ্দিন মিয়ার ছেলে আনিরা ইন্টারন্যাশনাল কোম্পানির পরিচালক আমাদের ৫ তলা বাড়িসহ জমিটি ক্রয় করার জন্য হুমকি দিয়ে আসছে। আমাদের বাড়ি বিক্রি না করায় রোববার রাতে আমাদের রোপন করা আমগাছ কেটে ফেলে। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে কথাবার্তায় ইঙ্গিতের মাধ্যমে আমাদের পরিবারের লোকজনকে হত্যাসহ ক্ষতি সাধনের হুমকি দিয়ে আসছে। অভিযুক্ত আশরাফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমাদের সন্দেহ করে আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, গাছ কাটার বিষয়ে অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

