সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার দুপুরে অবৈধভাবে বালু তোলা বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আলোকদিয়ার গ্রামবাসীরা উপজেলা সদরে মানববন্ধন করেছে। হাটিকুমরুল ইউনিয়নের আলোকদিয়া গ্রামের বিভিন্ন বয়সী শতাধিক ব্যাক্তি দুপুর সাড়ে বারোটার দিকে প্রায় বিশ কিলোমিটার দুর থেকে ট্রাক যোগে উপজেলা সদরে এসে তাদের দাবী নিয়ে মানববন্ধন করে। এসময় তারা বিভিন্ন দাবীতে শ্লোগান দেয়। এ মানববন্ধনকারীদের পক্ষে মোঃ বদিউজ্জামান সরকার, মোঃ মনিরুল ইসলামসহ আরো ক’জন জানান, ফুলঝোড় নদীতে সরকারীভাবে ইজারা দেওয়া বালু মহালের বাইরে থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। বালু মহালের ইজারা নেওয়া মোঃ জাকির হোসেন তার ক’সহযোগী মিলে স্থানীয় প্রশাসন থেকে বালু মহালের চিহিৃত সীমানার বাইরে থেকে বালু তুলছে। এতে আলোকদিয়া গ্রামের বিভিন্ন ব্যাক্তির নদী পাড়ের ফসলী জমি ক্ষতি হচ্ছে। এরই মধ্যে বেশ ক’জনের আবাদী জমি নদীতে বিলিন হয়ে গেছে বলে জানায়। এ বালু তোলা ঠেকাতে গ্রামবাসীরা গত দিন পাচেক হলো বিভিন্নভাবে চেষ্টা করে আসছে। গ্রামবাসীদের অভিযোগে, অবৈধভাবে বালূ উত্তোলনকারীদের পক্ষ থেকে গ্রামবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্বারকলিপি জমা দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোঃ আরিফুজ্জামান জানান, সরকারীভাবে চিহিৃত বালু মহাল সীমানার বাইরে থেকে বালু উত্তোলন করলে তা হবে অবৈধ। প্রশাসন থেকে চিহিৃত সীমানার বাইরে থেকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। যদি সীমানার বাইরে থেকে বালূ তোলা হয় তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

