জয়নাল আবেদীন: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ড্রেন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের পিছনে পানির ট্যাংক সংলগ্ন ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাসপাতালের আবাসিক এলাকার বাসিন্দা রেজওয়ান হোসেন জানান, সকালে হাসপাতালের পিছনে পোস্ট অফিস সংলগ্ন পানির ট্যাংকির কাছের ড্রেন থেকে কাপড়ে মোড়ানো নবজাতক শিশুটির মরদেহ উদ্ধার করে কালু নামে এক প্রতিবন্ধী। পরে বিষয়টি পুলিশকে অবগত করা হলে পুলিশ এসে লাশটি নিয়ে যায়। তিনি জানান, অজ্ঞাত এক মহিলা এসে মরদেহটি ড্রেনে ফেলে দিয়ে চলে যান। পরে প্রতিবন্ধী কালু নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে ড্রেন থেকে উপরে তুলে আনেন। শিশুটির বয়স ৮ থেকে ৯ মাস হতে পারে বলেও জানান তিনি। স্থানীয়দের দাবি, হাসপাতাল থেকে নবজাতক শিশুটির মরদেহ বাহিরে ফেলে দেয়া হয়েছে। ময়লা আবর্জনার স্তুপে ভরা হাসপাতালের পিছনে অনেকেই খেয়াল রাখে না, একারণে কেউ হয়তো এ নবজাতকের মৃত্যু নিশ্চিত হবার পর ফেলে দিয়েছে। এ কাজের সাথে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীরা জড়িত থাকতে পারেন বলে মনে করছেন তারা। এব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সুলতান আহামেদ কথা বলতে রাজি হননি।

