রামগঞ্জে পরকীয়ার অভিযোগে জরিমানা, যুবকের আত্মহত্যা

0
রামগঞ্জে পরকীয়ার অভিযোগে জরিমানা, যুবকের আত্মহত্যা

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রামগঞ্জে পরকীয়ার মিথ্যা অভিযোগে স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতার নির্দেশে জরিমানা করার অপমান সহ্য করতে না পেরে মোঃ খোকা (২৪) নামের এক দিনমজুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার ভোররাতে রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রক্ষপাড়া গ্রামের কামিলা বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত মোঃ খোকা একই বাড়ীর ফজল হকের ছেলে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৯টায় ব্রক্ষপাড়া গ্রামের কামিলাবাড়ীর জনৈক মহিলার সাথে দিনমজুর মোঃ খোকার পরকীয়ার অভিযোগ তুলে একই বাড়ীর মোঃ সোহাগ স্থানীয় যুবলীগ নেতাদের খবর দেয়। পরে যুবলীগ নেতারা কয়েকজন রাতে ঐ বাড়ীতে গিয়ে পরকীয়ার বিষয়টি সমাধানে শালিস বৈঠক করেন। শালিসে দিনমজুর মোঃ খোকাকে অভিযুক্ত করে ১৫ হাজার টাকা জরিমানা করেন এবং আজ শুক্রবার (৩০ আগষ্ট) সকাল ১০টার মধ্যে টাকা পরিশোধ করার শর্তে ছেড়ে দেয়। শালিসে দিনমজুর মোঃ খোকা পরকীয়ার বিষয়টি অস্বীকার করে কান্নাকাটি করলেও শালিসদারগণ তাদের সিদ্ধান্তে অটল থাকেন। এদিকে পরকীয়ার অপবাদ সহ্য করতে না পেরে দিনমজুর খোকা শালিস বৈঠক শেষ হওয়ার পর শুক্রবার ভোররাতে কামিলা বাড়ীর বাগানের একটি আম গাছে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। রামগঞ্জ থানার ওর্সি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, আমরা বিষয়টি জানতে পেরেছি। শালিস বৈঠকে বা পরকীয়ার অভিযোগ কোন জরিমানা করা হলে কাউকে ছাড় দেয়া হবে না। লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।