শিহাব মন্ডল: বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ পরিবেশ নেটওর্য়াক(বেন) এর সহযোগীতায় কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে গ্রীন ভয়েস এর পূর্নবাসন কার্যক্রম শুরু হয়েছে। ৩১ আগস্ট শুক্রবার কুড়িগ্রামের যাত্রাপুর ইউনিয়নের ১ নং ওর্য়াড বলদি পাড়ায় এ কার্যক্রম শুরু হয়। রংপুর বিভাগীয় সমন্বয়ক মুনসাফা তৃপ্তির সঞ্চালনায় কার্যক্রমটিতে বক্তব্য রাখেন গ্রীন ভয়েস এর সমন্বয়ক আলমগীর কবির,যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার,ইউনিয়নের কৃষি কর্মকর্তা মনসুর আলী, যাত্রাপুর ইউনিয়নের ওয়ার্ড সদস্য ময়েন উদ্দিন ভোলা,সেফটি স্কুলের প্রতিষ্ঠাতা সাখওয়াত স্বপন প্রমুখ।
এসময় যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী সরকার তার বক্তব্যে বলেন, নিঃসন্দেহে এটি একটি ভালো কাজ। ভবিষ্যতে আরো এই রকম কার্যক্রম পরিচালনার জন্য আহবান জানান তিনি ।
গ্রীন ভয়েস লালমনিরহাট,গাইবান্ধা ও কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনের লক্ষে আবাসন প্রকল্প এর আওতায় ঘর তৈরি করে দিচ্ছে । ঘর প্রতি ২৫ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে । কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুরে ৩টি ও চিলমারী উপজেলায় ৩টি বাড়ি নির্মাণ করে পুর্নবাসন কার্যক্রম সম্পন্ন হবে।
কুড়িগ্রামে পূর্নবাসন কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয়,রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাইবান্ধা জেলার ভলান্টিয়াররা অংশগ্রহন করেন।
উল্লেখ্য,গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী যুব সংগঠন,যারা পরিবেশ নিয়ে কাজ করছেন ।
এসময় সংগঠনের পক্ষ থেকে জন প্রতিনিধিদেরকে ১টি করে ফলের চারা বিতরণ করা হয় ও স্থানীয় উপকার ভোগীদের ঘর তৈরী করে দেয়ার কাজ শুরু হয়।

