সদরুল আইন: কক্সবাজারের টেকনাফ উপজেলায় আটকের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা দম্পতি নিহত হয়েছেন। নিহতরা হলেন, দিল মোহাম্মদ (৩২) ও তার স্ত্রী জাহেদা বেগম (২৭)।
শনিবার রাত পৌনে ১২ টার দিকে টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। এরআগে একটি অস্ত্রসহ তাদেরকে আটক করা হয়েছিল।
ওসি প্রদীপ কুমার দাস বলেন, শনিবার রাতে উপজেলার হ্নীলার ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি এলজিসহ জাহেদা ও দিল মোহাম্মদকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে আরও অস্ত্র থাকার কথা জানায়।
পরে রাতে তাদের নিয়ে পুলিশের একটি দল ওই রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র উদ্ধারে যায়। এ সময় একদল অস্ত্রধারী সন্ত্রাসী পুলিশের ওপর গুলি ছোড়ে।
আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থলে দিল মোহাম্মদ ও জাহেদাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
তাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার নেওয়ার পরামর্শ দেন।
পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

