জয়নাল আবেদীন: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে আরেকজন চীন ফেরত শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। রোববার রাত ১১টা ৫৫মিনিটে তাকে ভর্তি করা হয়। তার নাম আলামিন, বাড়ি লালমনিরহাটের কালিগঞ্জের চলবলার মদনপুরে। করোনার তেমন কোনো আলামত পাওয়া না গেলেও সতর্কতা হিসেবে তাকে করোনা ইউনিটে ভর্তি করেছে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।আইসোলেশন বিভাগের তত্ত্বাবধায়ক হুমায়ুন কবির জানান, চীন ফেরত ওই শিক্ষার্থী ইয়াংহু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো। রোববার সকাল ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। রাত ১০টায় তিনি তার নিজ বাড়ি কালিগঞ্জে আসেন। এখানে আসার পর তার বমি এবং শারীরিক দুর্বলতা দেখা দিলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তৃপক্ষ তাকে হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি করেছেন। এদিকে ক‘দিন আগে ভর্তি হওয়াচীন ফেরত শিক্ষার্থী তাশদীদের ব্যাপারে মঙ্গলবার আইইসিডিআরের রিপোর্টের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গঠিত ১২ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দেবেন্দ্র নাথ সরকার।তিনি জানিয়েছেন, হাসপাতালের আইসুলেশন বিভাগের করোনা ইউনিটে ওই শিক্ষার্থী আমাদের ১২ সদস্যের মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। এখন তার শরীরে কোনো জ্বর, সর্দি, কাশি, কিছুই নেই। আমরা মনে করছি তার শরীরে ওই ধরনের কোনো ভাইরাস নেই। তবুও আমরা চূড়ান্ত সিদ্ধান্ত দিব মঙ্গলবার।অধ্যাপক ডা. দেবেন্দ্রনাথ সরকার জানান, ইতিমধ্যেই আইইডিসিআর নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। তারা মঙ্গলবার প্রতিবেদন দিবে। তারপর আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। এ বিষয়ে আতংকিত না হওয়ার আহ্বান জানান তিনি।

