সাংবাদিক মনিরুজ্জামানের রুহের মাগফেরাতে টাঙ্গাইল জামায়াতের দোয়া

0

আবুল কালাম আজাদ: দৈনিক সংগ্রাম’র টাঙ্গাইল সংবাদদাতা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহকারি মহাসচিব, রাজনীতিক, সাংবাদিক এস এম মনিরুজ্জামানের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার উদ্যোগে ৭ মার্চ সোমবার সকালে স্থানীয় একটি মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি মো. হাফিজুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাংগাইল জেলা জামায়াতের আমীর মো. আহসান হাবীব মাসুদ। জেলা আমীর তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিক এস এম মনিরুজ্জামান ছিলেন একজন সফল সাংবাদিক, সমাজকর্মী ও রাজনীতিক। তিনি সর্বদা অসহায় বঞ্চিত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতেন।

পরিবারের সবার বড় হিসেবে সকলকে সবসময় আগলে রাখতেন। আমরা যোগ্য একজন সাংবাদিক, সমাজসেবক কে হারালাম। তিনি মহান আল্লাহর কাছে মরহুমের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা পূর্ব আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, শহর জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর, অধ্যাপক শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।