ভূঞাপুরে বন্যায় কৃষিতে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

0
উপজেলার গাবসারা এলাকা থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ পাট ক্ষেত। ছবিঃ লতিফ তালুকদার

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে এবারের বন্যায় যমুনা নদীর ভাঙনে শতশত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষি সেক্টরে। গ্রীষ্মকালীন বিভিন্ন মাঠ ফসল, মসলা জাতীয় ফসল ও সবজি ক্ষেতের ক্ষতি হওয়ায় দিশাহারা চাষিরা।

উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে ৪ টি ইউনিয়নের অধিকাংশ চরাঞ্চলে সকল মাঠ ফসল, ধান, পাট, বিভিন্ন মসলা জাতীয় ফসল, রাধুনি সজ, তিলসহ বিভিন্ন সবজি পানিতে তলীয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকার ওপরে হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ । আগাম শীতকালীন সবজি ও রবি ফসল চাষ করে কৃষকদের এই ক্ষতি পুষিয়ে নিতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। জানা গেছে, যমুনার চরাঞ্চলের বিভিন্ন এলাকায় কম-বেশি সব ধরনের গ্রীষ্মকালীন সবজি চাষ হয়। কৃষকরা লাউ, বেগুন, শসা, কুমড়া, করলা, ঝিঙা-১, কাঁচামরিচ পেঁপেসহ নানা জাতের সবজি চাষ করেন। তবে এবারে বন্যায় মোট ৩ হাজার ৪৪৫ হেক্টর জমির বিভিন্ন মাঠ ফসল পানিতে তলিয়ে গেছে। এতে ২৬ হাজার ৬৩০ জন কৃষক সরাসরি ক্ষতিগ্রস্থ হয়েছেন। বিশেষ করে বোনা আমন ও পাট চাষিরা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

চন্ডিপুর গ্রামের কৃষক আব্দুল লতিফ জানান, আমি এ মৌসুমে প্রায় ১৩ বিঘা জমিতে পাট চাষ করেছিলাম, এর মধ্য ৬ বিঘা জমির পাট বন্যার পানিতে তলিয়ে পচে গেছে। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও তিল, রাঁধুনি সজ, বোনা আমন, আউশসহ বিভিন্ন সবজি বন্যায় পানিতে তলিয়ে গেছে। বড়নলছিয়া পাড়া গ্রামের কৃষক বাহার আলী বন্যায় তার চাষকৃত ফসলের ক্ষতির কথা জানিয়েছেন। তিনি পাট,ধান, রাধুনি, তিলসহ বিভিন্ন শাকসবজি আবাদ করেছিলেন, বন্যার পানিতে সব তলিয়ে গেছে। কিছু জমির পাটের ফলন পেলেও অধিকাংশ ফসল ঘরে তুলতে পারেননি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড. হুমায়ুন কবির বলেন, এবারে বন্যায় আমাদের বিভিন্ন মাঠ ফসল যেমন তিল, রাঁধুনি সজ, বোনা আমন, পাটসহ গ্রীষ্মকালীন সবজি চাষে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে প্রায় ১০ কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার ক্ষতি কাটাতে আগাম সবজি চাষের পরার্মশ দিচ্ছি। এছাড়া ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে রবি মৌসুমের প্রণোদনার মাধ্যমে সহায়তা করা হবে। ইতোমধ্যে আমরা ক্ষতিগ্রস্থ কৃষকের তালিকা তৈরি করেছি।