চান্দিনায় দিন-দুপুরে ক্রেতা সেজে জুয়েলারী দোকান থেকে স্বর্ণ চুরি

0

সোহেল রানা: কুমিল্লার চান্দিনায় দিন দুপুরে একটি জুয়েলারী দোকান থেকে ক্রেতা সেজে স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে।সোমবার ১০ এপ্রিল বেলা সাড়ে ১১টায় চান্দিনা বাজারের কাপড়িয়া পট্টির ওই জুয়েলারী দোকানে এঘটনা ঘটে।

দোকান মালিক সুবল দাস জানান, সোমবার বেলা অনুমান সাড়ে ১১টায় তিন পুরুষ ও এক নারী ক্রেতা বেশে দোকানে এসে স্বর্ণের আংটি, কানের দুল দেখেন। একজন বলেন স্বর্ণের আংটি দেখান, আরেকজন বলেন এটার ওজন দেন, আবার আরেকজন বলেন কানের ওই দুলটি দেখান। এই সুযোগে চোর চক্রের এক পুরুষ দোকানের শোকেস থেকে আংটি রাখার দুইটি ট্রে বের করেন এবং সঙ্গে থাকা চক্রের নারী সদস্য কৌশলে বোরকার ভিতরে করে নিয়ে যান। ট্রে দুইটি গায়েব করার পর আংটি ও কানের দুল পছন্দ না হওয়ার অযুহাতে দোকান ত্যাগ করে চোর চক্র।

দোকান মালিক আরও জানান, দুইটি ট্রেতে ৩০টি আংটি ছিল। এতে প্রায় ৪ ভরিরও বেশি স্বর্ণ থাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকার লোকসান হয়। তিনি আরও বলেন, যদি কেউ তাদের সনাক্ত করতে পারেন তাদেরকে পুরস্কৃত করবো।

এর আগে গত ১৫ ফেব্রæয়ারি চান্দিনা বাজারের ঢাকেশ্বরী জুয়েলারি দোকানে স্বর্ণের চেইন চুরিকালে চোর চক্রকে আটক করা হয়, এই ঘটনার মাত্র ৫৪দিনের মাথায় চান্দিনা বাজারটিতে আবারও ক্রেতা সেজে চুরির ঘটনা ঘটে।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, ঘটনার জানার পরপরই আমরা ঘটনস্থল পরিদর্শন করেছি। চোর চক্রকে আটক করতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে। ঈদ উপলক্ষ্যে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন এই পুলিশ কর্মকর্তা।