অবশেষে ট্রলার ডুবির ট্রাজেডির নিখোঁজ ৪ জনেরই লাশ উদ্ধার

0

বাংলাদেশ প্রতিবেদক: পটুয়াখালীর দশমিনায় বরযাত্রীর ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চারজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রবিববার (৩০ এপ্রিল) সকালে তেঁতুলিয়া নদীর পাতার চর এলাকা থেকে বর রাব্বি হাওলাদার (২২) ও তার মা সেলিনা বেগমের (৪৫) লাশ উদ্ধার করা হয়। সাড়ে ১০টার দিকে গলাচিপা উপজেলার তেঁতুলিয়া নদীর বন্যাতলী এলাকা থেকে চাচাত শ্যালিকা মারিয়ার (৭) লাশ উদ্ধার করা হয়। দুপুর ১টা ৪০মিনিটে পতিরি চর এলাকা থেকে খদিজার লাশ উদ্ধার করা হয়।

এছাড়া আজ বিকেল সাড়ে ৩টায় আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চারজনের জানাজা শেষে রাব্বি ও সেলিনাকে আউলিয়াপুর পারিবারিক গোরস্থানে দাফন করা হবে এবং মারিয়াকে চরবোরহান ইউনিয়নের চরশাহজালাল গ্রামে নিজ পৈত্রিক গোরস্থানে দাফন করা হবে জানা গেছে।

বর্তমানে নিখোঁজ শিশুর লাশ উদ্ধারে তৃতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরা বলেন, আজ রোববার এসএসসি,দাখিল ও কারিগরি পরীক্ষা শুরু। আমি তিনজনের উদ্ধারের খবর পেয়েছি। এখন ঘটনাস্থলে এসে পৌঁছিয়েছি। বাকি একজন নিখোঁজ আছে তাকে উদ্ধারের কাজ চলমান রয়েছে।

দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ পর্যন্ত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার রনগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের মনির হওলাদরের ছেলে রাব্বির সাথে উত্তর শাহজালাল গ্রামের হুমায়ুন কবিরের মেয়ে সুমাইয়ার বিয়ে হয়। বিকেল ৪টার দিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে বরযাত্রীর ট্রলার আউলিয়াপুরের উদ্দেশে রওয়ানা দেয়। এ সময় তেঁতুলিয়া নদীর চর আপতি এলাকায় পৌঁছলে ঝড়ের কবলে পরে ২০ জন বরযাত্রীসহ ট্রলারটি ডুবে যায়। তাৎক্ষণিক ১৫ জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় রাব্বী, তার মা সেলিনা বেগম, ফুফু লিপি বেগম, ফুফাত বোন খাদিজা ও চাচাত শ্যালিকা মারিয়া। পরে স্থানীয়রা ওই দিনই লিপি বেগমের ভাসমান লাশ উদ্ধার করে।