বাংলাদেশ প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম মোছা. সোনিয়া আক্তার (৩০)। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
বুধবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়।
গত শুক্রবার (৯ জুন) সকাল ৮টার দিকে এ বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
শেখ হাসিনা বার্নের আবাসিক চিকিৎসক ডা. মো: তরিকুল ইসলাম জানিয়েছেন, ফতুল্লায় চার্জার ফ্যান বিস্ফোরণে একই পরিবারের নারী ও শিশুসহ পাঁচজন দগ্ধ হয়ে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে সোনিয়া আক্তার নামে আরো একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ ছিল।
তিনি জানান, এ ঘটনায় দগ্ধ আরো দু’জন চিকিৎসাধীন আছেন। তারা হলেন মোহাম্মদ টুটুল ও মেহজাবিন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
এর আগে দগ্ধ হয়ে আব্দুস সালাম ও বুলবুলি বেগম নামের দু’জন মারা গেছেন।

