মাসুদ রানা রাব্বানী: রাজশাহী নগরীর পদ্মা আবাসিক অভিজাত এলাকার সৌন্দর্য কেড়ে নিয়েছে লেকের বস্তি। পাশাপাশি মাদক কেনাবেচা, চুরি, ছিনতাই ডাকাতি ও অসামাজিক কর্মকাণ্ডের বাধাহীন সাম্রাজ্য হয়ে উঠেছে। অন্যদিকে রাস্তা ও ফুটফাত দখল করে রাখা হয়েছে নোংরা ও ময়লাযুক্ত ভাঙ্গড়ি মালামাল। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার উপর পুরোনো স্যান্ডেলের স্তূপ। আর এ স্তূপ তৈরি করে রেখেছেন বস্তির সহিদুল ইসলাম নামের এক ব্যক্তি।
এছাড়া পথচারীদের ফুটপাত চলাচলের অনুপযোগী করে তুলেছে তারা। রাখা হয়েছে দুর্গন্ধযুক্ত বস্তা ও ময়লা আবর্জনা। এসকল দুর্গন্ধযুক্ত বস্তায় দেখা গেছে মশা-মাছির আনাগোনা। এ থেকে চড়াচ্ছে ডেঙ্গুর মত মরণব্যাধি। এদিকে সন্ধ্যা হলেই ওই বস্তিতে বসে মাদকের রমরমা ব্যবসা। জুয়া ছাড়াও চলে অনৈতিক কর্মকান্ড। এসকল কর্মকান্ড আবাসিক অভিজাত এলাকার বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন অনেকে। বস্তিতে থাকা মাদকাসক্ত যুবকেরা প্রতিনিয়ত চুরি ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছেন। পদ্মা আবাসিক এলাকার ব্যাংক কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে রেলের জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ স্থাপনা। এসব স্থানে দিন-রাত চলছে মাদক বিক্রিসহ নানা অনৈতিক কর্মকান্ড।
এছাড়া বস্তিবাসীরা ময়লা আবর্জনা, কাপড়-চোপড় ও হাড়ি-পাতিল পরিষ্কার করাসহ পুরোনো প্লাষ্টিকের বোতল ফেলে লেকের পরিবেশ নষ্ট করছে। এতে লেকের সৌন্দর্য ও পরিবেশ ব্যাপক হুমকির মধ্যে রয়েছে। সংশ্লিষ্টদের অতিজরুরী ব্যাবস্থা নেওয়ার দাবী জানান তিনি। ডাক্তার কবির উদ্দিন বলেন, আবাসিক এলাকার সৌন্দর্য হচ্ছে লেক। বিকেল হলেই দর্শনার্থীদের ভীড় বাড়ে। এছাড়া অনেকে লেকের চার পাশে হাটাহাটিও করেন। বস্তির লোকজন ডাস্টবিন থেকে ময়লা আবর্জনাযুক্ত ভাঙ্গড়ি মালামাল কুড়িয়ে নিয়ে এনে সড়কের দুই পাশে রাখার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী ও দর্শনার্থীদের। তিনি আরও বলেন, রেলের জায়গায় অবৈধ কর্মকান্ড বন্ধ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে না পারলে এক সময় আবাসিক এলাকাসহ নগরবাসির নিরাপত্তা ব্যাপক হুমকির মুখে পড়বে।
এ ব্যাপারে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, ঘটনাস্থল গিয়ে বস্তিবাসীদের দুই ঘন্টা মধ্যে রাস্তা পরিস্কার করতে বলা হয়েছে। পরবর্তীতে রাস্তা ও ফুটপাতে কোনোকিছু না রাখার অনুরোধও করা হয়েছে। কথা না শুনলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাদক ও জুয়ার বিষয়ে ওসি বলেন, আমি কিছুদিন হলো চন্দ্রিমা থানায় যোগদান করেছি। এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে থানা পুলিশ।

