জয়নাল আবেদীন: কৃষি মন্ত্রণালয় রংপুর অঞ্চলের রংপুর, কুড়িগ্রাম,লালমনিরহাট,গাইবান্ধা ও নীলফামারী এই পাঁচ জেলায় রবি মৌসুমে ১ লাখ ৭৬ হাজার ৪শ৭০ জন কৃষককে বীজ ও সার প্রণোদনা । ১০টি শস্য আবাদের জন্য এ প্রণোদনা দেওয়া হবে বলে জানা গেছে। প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য উল্লেখিত বীজ ও সার পাবেন।
রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, সয়াবিন, পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারির ডালের আবাদ বৃদ্ধিতে এই বীজ এবং সার বিনা পয়সায় কৃষককে দেওয়া হবে। তবে যে জেলায় যেসব ফসলের আবাদ ভালো হয় সে জেলার কৃষককে ওই ফসলের বীজ ও সার প্রণোদনা হিসেবে দেওয়া হবে। সূত্র জানায় ১ লাখ ৭৬ হাজার ৩শ৭০ জন কৃষকের মধ্যে রংপুর জেলায় প্রণোদনা পাবেন ৪০ হাজার ১শ১০ জন কৃষক। গাইবান্ধায় ৩৮ হাজার ২শ জন, কুড়িগ্রামে পাবেন ৪৮ হাজার ৮শ২০ জন, লালমনিরহাটে পাবেন ২৬ হাজার ৯শ জন এবং নীলফামারীতে প্রণোদনা পাবেন ২২ হাজার ৪শ৪০ জন কৃষক।
আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে রবি মৌসুম। তবে কবে থেকে প্রণোদনার বীজ ও সার কৃষককে দেওয়া হবে তা এখনো নিশ্চিত করা হয়নি। সূত্র আরো জানিয়েছে রংপুর জেলার কৃষকদের গম, ভুট্টা, সরিষা, চীনাবাদাম এবং শীতকালীন পেঁয়াজের বীজ প্রণোদনা হিসেবে দেওয়া হবে।

