তাসদিকুল হাসান,জবি: বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সর্বোচ্চ নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এ তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। নতুন মনোয়ন পাওয়া তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা হলেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। প্রতিষ্ঠানটির এক চিঠিতে ০১ অক্টোবর রোজ রবিবার স্বাক্ষর করেন সচিব ড. ফেরদৌস জামান।
ইউজিসির চিঠিতে উপাচার্যদের উদ্দেশ্যে বলা হয়, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ অক্টোবর থেকে পরবর্তী ২ বছরের জন্য আপনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের খণ্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন। কমিশনের পক্ষ থেকে এজন্য আপনাকে সাদর অভিনন্দন জ্ঞাপন করছি। এতে আরও বলা হয়, আপনার মূল্যবান পরামর্শ ও সক্রিয় সহযোগিতা কমিশনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে বিশেষভাবে সাহায্য করবে।
উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর এ তিন পদে মনোনীত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হচ্ছে। তারা হলেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য মেজর জেনারেল মো মাহবুব-উল আলম ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার।

