কামাল সিদ্দিকী, পাবনা ঃ আলুর বাজার স্থিতিশীল করতে সরকার নির্ধারিত মূল্যে হিমাগার পর্যায়ে সংরক্ষণ ও গুদামজাত করা আলু বিক্রি নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে গত সোমবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশনা দেয়া হয়েছে। অথচ গত দুদিনেও পাবনা জেলা প্রশাসন থেকে কোন তদারকি টিম পাবনা ও ঈশ্বরদী কোল্ড স্টোরেজে পাঠানো হয়নি।
বুধবার দুপুর দুইটা পর্যন্ত সরেজমিনে গিয়ে জেলা প্রশাসনের কোন কর্মকর্তা বা প্রতিনিধির সাক্ষাত মেলেনি। পাবনা শহরের বাইপাস সড়কে অবস্থিত ইছামতি কোল্ড স্টোরেজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও জেলা প্রশাসনের কোন কর্মকর্তার তদারকি বা উপস্থিতি পাননি বলে এ তথ্য নিশ্চিত করেন।
ইছামতি কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক আবু তাহের বলেন, পেশাদার ও মজুতদার এই দুই শ্রেণিকে আমরা কোল্ড স্টোরেজের গুদাম ভাড়া দেই। আরেকটি শ্রেণি হয় কৃষক। কিন্তু পাবনায় আলু চাষ না হওয়ায় মূলত পেশাদার ও মজুতদার এই দুই শ্রেণি হিমায়িত করেন। কেনা বেচা আমাদের কাজ নয়। তবে সরকারি কোন নির্দেশনা থাকলে সেটা আমরা অবশ্যই আমাদের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেই ক্রেতা বিক্রেতাদের নজরে আনার জন্য।
ইছামতি কোল্ড স্টোরেজের মালিক সাবের হোসেন জানান, মাঝে মধ্যেই সরকারের দায়িত্বশীল মন্ত্রণালয় থেকে আলু বিক্রির জন্য মূল্য নির্ধারণ করে দেয়া হয়। কিছু কিছু সময়ে প্রশাসনের প্রতিনিধি পর্যায়ের কর্মকর্তারা আসেন, খোঁজ খবর নিয়ে চলে যান। কিন্তু গেল সোমবারের প্রজ্ঞাপন জারী হলেও এখন পর্যন্ত কোন কর্মকর্তা এই প্রতিষ্ঠানে আসেননি। কোন খোঁজ খবরও নেননি। ইছামতি কোল্ড স্টোরেজ সূত্র জানায়, এ মওসুমে ৬৫ কেজির ব্যাগ হিসেবে ৬৭ হাজার ৮৬৬ ব্যাগ আলু তারা সংরক্ষণ করেছেন। বিক্রি শেষে বুধবার পর্যন্ত ৪৫ হাজার ৬৩২ ব্যাগ অর্থাৎ ২২৮০ মেট্টিক টন আলু সংরক্ষিত রয়েছে। গত বছরে এই সময়ে এই স্টোরেজে ২৯৯০ মেট্টিক টন আলু সংরক্ষিত ছিল। এই হিমাগারে ৫৬ জন ক্রেতা বিক্রেতা আলু হিমায়িত করেন।
আলু ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, এবারে তিনি ১১/১২ হাজার বস্তা আলু হিমায়িত করেছিলেন। ইতোমধ্যে বিক্রি করে প্রায় ২০০ বস্তা আলু অবশিষ্ট আছে। ১৮ টাকা কেজি পাইকারী কেনার পর সকল খরচ মিলে তার ৩০/৩২ টাকা কেজি পড়েছে। বুধবারও তিনি ৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি করেছেন। সরকার যদি মুল্য নির্ধারণ করে দেয় তাহলে তিনি সেই মূল্যে বিক্রি করতে বাধ্য বলে দাবী করেন।
আলু ব্যবসায়ী আব্দুল মমিন সরদার এবারে ১৭০০ বস্তা আলু কিনেছিলেন। এখনও তার ১১০০ বস্তা আলু সংরক্ষণে আছে। ৩৫/৪০ টাকা কেজি দরে আলু বিক্রি করছেন। আরেক ব্যবসায়ী আমিরুল ইসলাম। তার ব্যবসা পাবনার ঈশ্বরদীতে। তিনি এই কোল্ড স্টোরেজে ৪৯৯৩ বস্তা আলু হিমায়িত করেছেন। বিক্রি শেষে ১৭০০ বস্তা আছে। ৩৭ টাকা ক্রয় করেছেন। বিক্রি করছেন ৪২ টাকা। সরকার ২৭ টাকা নির্ধারণ করেছে এমন প্রশ্নে তিনি বলেন, প্রতি কেজি আলুতে আমার লোকসান গুনতে হবে ১০ টাকা। দেশে বাস করি আর রাজার কথা মানবো না তা কি করা সম্ভব। পাবনা বড় বাজারে আলু কিনতে আসা কলেজ শিক্ষক ইয়াদ আলী মৃধা পাভেল বলেন, খবরে দেখলাম আলু বিক্রি করতে হবে ২৬/২৭ টাকা কেজি। এটা দেখেই বাজারে এসেছি আলু নিতে। ৫০/৫৫ টাকা ছাড়া আলু মিলছে না। বাধ্য হয়েই ৪০ টাকায় ২ কেজি পেঁপে নিয়ে বাসায় যাচ্ছি। টেবুনিয়া বাজারের আলু ক্রেতা মিরাজুল হক বলেন, ৫৫/৬০ টাকায় আলু খাওয়া এটা কোন দেশে বাস করছি এটা নিয়ে নিজেই সন্ধিহান হয়ে পড়েছি। তার মতোই মানিক হোসেন, রাসেল মিয়া, কাশেম শেখ, হামিদ মোল্লাসহ বেশ কয়েকজন ক্রেতা বলেন, গেল দুদিনেও জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ না নিলে তো ব্যবসায়ীরা আস্কারা পাবেই।
কয়েকজন ক্রেতা ও বিক্রেতা দাবী করেন, দেশীয় সিন্ডিকেট ব্যবসায়ীদের উচিত জবাব দিতে হিমায়িত থাকাবস্থায় দেশের বাইরে থেকে আলু আমদানী করা। তাহলে অতি মুনাফা লাভের লোভটা অনেকবাংশে কমে আসবে। কোল্ড স্টোরেজ সূত্র বলছে, প্রতি বছর জুনের প্রথম থেকে আলু ক্রয় বিক্রয় শুরু হয়। কিন্তু এবারে এপ্রিল থেকে আলু হিমাগার থেকে কেনাবেচা শুরু করার কারণে বাজারে এক শ্রেণির ব্যবসায়ীরা সিন্ডিকেট ব্যবসা শুরু করেছে। ফলে আলুর বাজারে দেখা দিয়েছে আকাশচুম্বি মূল্য। আর এ জন্য কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ কৃষি দপ্তরের দায়িত্বহীনতাকেই দুষছেন। তারা বলছেন, আগামী নভেম্বরে তারা হাওয়া মুক্ত করে দেবেন হিমাগার। ডিসেম্বরে সব আলু বের করে দেয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীফ আহমেদ বলেন, এ ধরণের কোন প্রজ্ঞাপন আমরা এখনও (বুধবার দুপুর ১২ টা) হাতে পাইনি।

