পীরগাছা প্রতিনিধি: জামায়াত-বিএনপিসহ বিভিন্ন দলের ডাকা তৃতীয় ধাপেও রংপুরের পীরগাছায় নেই অবরোধের প্রভাব। অবরোধের প্রভাব না থাকলেও সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করছেন উপজেলার আনসার ভিডিপির সদস্যরা।
অবরোধের শুরু থেকে উপজেলার পীরগাছা রেলস্টেশন, অন্নদানগর রেলস্টেশন, চৌধুরাণী রেলস্টেশন ও কদমতলাসহ গুরুত্বপূর্ণ এলাকায় আনসার সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। এমনকি রংপুর বিভাগের রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুস সামাদ, বিভিএম, পিভিএমএস। রংপুর জেলা কমান্ড্যান্ট এএইচএম মেহেদী হাসান, রংপুর বিভাগের সহকারী পরিচালক মো: আছাদুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মাহবুব উজ জামান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি ও প্রশিক্ষক মো: আলী আজম পীরগাছার বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন।
উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি বলেন, জননিরাপত্তা দানে নিয়োজিত আনসার ভিডিপি সদস্যরা উপজেলার ৪টা পয়েন্টে ২৪ঘণ্টায় ৩৬জন আনসার ও ১২জন পিসি-এপিসি নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। জনগণের জান-মালের নিরাপত্তার স্বার্থে শক্ত অবস্থানে আছেন আনসার ভিডিপির সদস্যরা।
রংপুর বিভাগের রেঞ্জ কমান্ডার মোহাম্মদ আবদুস সামাদ পরিদর্শনে এসে জানান, অবরোধে সার্বক্ষণিক আনসার সদস্যরা নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন। যেকোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে ২৪ঘণ্টাই আনসার সদস্যরা মাঠে থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, শুরু থেকে অবরোধের কোন প্রভাব নেই পীরগাছায়। আমরা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দেখছি। কোথাও কোন বিশৃঙ্খলা দেখা যায়নি। স্কুল, কলেজে, ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষের চলাচল ছিল স্বাভাবিক।

