ওসমান গনিঃ কুমিল্লার চান্দিনায় ব্যাংক থেকে কৃষি ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কৃষকদের কাছ থেকে অবৈধ ভাবে তিন লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা।
একজন কৃষক ১ লক্ষ টাকা ঋণ নিতে হলে তাকে ৫ হাজার টাকা এবং ২ লাখ টাকা ঋণ নিতে হলে তাকে ১০ হাজার টাকা জামানত দিতে হবে এমন কথা প্রচার করে প্রায় ৪০জন কৃষকদের কাছ থেকে তিন লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় বদিউল আলম নামের ওই কৃষি কর্মকর্তা ।
চান্দিনা উপজেলা কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী কৃষি কর্মর্কা বদিউল আলম বাতাঘাসী ইউনিয়নের মোহনপুর ব্লকে কর্মরত।
ভুক্তভোগী ইয়াকুব আলী মাষ্টার, পল্লী চিকিৎসক আমিন উদ্দিন, কৃষক মনু মিয়া, চৌকিদার রহমত আলীসহ আরও অনেকেই জানান- বদিউল আলম ব্যাংক থেকে স্বল্প মুনাফায় ঋণ দিবে বলে ইউনিয়নের সাতগাঁও, তীরচর, বাতাঘাসী গ্রামের প্রায় ৪০ জনের কাছ থেকে কাগজপত্র, ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপিসহ ঋণ দেওয়ার কথা বলে জামানত বাবদ প্রতিজন থেকে ৫-১০ হাজার করে টাকা নেয়। এক সপ্তাহের কথা বলে ছয় মাস অতিবাহিত হলেও ঋণ দেওয়ার কোন খবর নেই। ঋণের বিষয়ে কথা বলতে চাইলে নানান বাহানা ও হুমকি-ধমকি দেয় ওই কৃষি কর্মকর্তা। বেশ কিছু দিন হল তার কোন হদিস পাচ্ছিনা।
জানা যায়, অফিস থেকে কোন প্রকার ছুটি ছাড়া প্রায় আড়াই মাস যাবৎ অফিসের সাথে তার কোন যোগাযোগ নেই বদিউল আলমের। ফলে বাতাঘাসী ইউনিয়নের ৪ হাজার বোরো ধান চাষী এই মুহূর্তে বালাই ব্যবস্থাপনা ও কৃষি সংক্রান্ত পরামর্শ থেকে বঞ্চিত হচ্ছেন।
এভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ওই ইউনিয়নের ৪ হাজার কৃষক কৃষি সংক্রান্ত পরামর্শের অভাবে বিপাকে পড়েছেন। চলতি বোরো মৌসুমে এ ইউনিয়নে ৮৬৪ হেক্টর জমিতে বোরো ধানের বীজ রোপণ করা হয়েছে। কৃষকরা এই মুহূর্তে বালাই ব্যবস্থাপনার সংক্রান্ত পরামর্শ না পেলে ৮৬৪ হেক্টর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে।
বদিউল আলম ২০১৬ সালে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে চান্দিনায় যোগদান করেন। যোগদানের পর পৌরসভা, গল্লাই, মহিচাইল ব্লকে দায়িত্ব পালন করেন। সর্বশেষ বাতাঘাসী ইউনিয়নের দায়িত্ব পান তিনি। কয়েক মাস না যেতেই ওই এলাকায় সাফাই গেয়ে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে ৩ লাখ টাকা হাতিয়ে নেন। সম্প্রতি ওই সকল লোকজন ঋণ ও জামানতের টাকা না পেয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট অভিযোগ দায়ের করে। এ কথা শুনে কর্মস্থল ছাড়েন ওই কৃষি কর্মকর্তা।
বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. সাদেকুর রহমান জানান, একজন কৃষি কর্মকর্তার কাজ হচ্ছে কৃষকদের কল্যাণে কাজ করা। বিভিন্ন পরামর্শ দেওয়া। কিন্তু বদিউল আলম কৃষকদের সাথে প্রতারণা করেছেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।
অভিযোগ সম্পর্কে উপ-সহকারী কৃষি কর্মকর্তা বদিউল আলম মুঠোফোনে জানান, আমার ব্লকের কাছের মানুষ যারা তাদেরকে কৃষি লোন দেব বলে জনপ্রতি ৫ হাজার করে জামাতের টাকা নিয়েছিলাম। ব্যাংকিং ঝামেলা হওয়ায় তাদেরকে ঋণ দিতে পারিনি। কয়েজনের টাকা ফেরত দিয়েছি। বাকিদের টাকা ফেরত দিব। কোন ব্যাংক থেকে ঋণ দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বা এ কৃষকদের ঋণ দেয়ার ব্যাপারে কোন চিঠি আছে কিনা জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি তিনি।
কর্মস্থলে অনুপস্থিতির প্রশ্নে তিনি বলেন- এ ঘটনায় লোকজন উত্তেজিত হয়ে আছে। তাছাড়া নিজের ব্যক্তিগত কিছু কারণে দুই-আড়াই মাস কর্মস্থলে যাওয়া হচ্ছে না।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মোরশেদ আলম বলেন, আমি এখানে যোগদানের পর থেকেই বদিউল আলমের দায়িত্বে অবহেলার কথা শুনছিলাম। তিনি নিয়মিত কর্ম এলাকায় যান না। কৃষকদের খোঁজ রাখেন না। সে কয়েকজন কৃষকের নিকট থেকে অনৈতিকভাবে টাকা নিয়েছে। এসব বিষয়ে লিখিতভাবে নোটিশ করা হলেও নোটিশের জবাব না দিয়ে গত ২ মাস ধরে সে নিখোঁজ রয়েছে। মোবাইল ফোনও বন্ধ। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট লিখিতভাবে জানানোর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, একজন সরকারি কর্মকর্তার এমন কাজ নিন্দনীয়। উনার ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে বিভাগীয় কার্যালয়ে আবেদন পাঠাতে বলেছি।

