শাহজাদপুরে মুরগির বাচ্চা বোঝাই কাভার্ডভানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা 

0
শাহজাদপুরে মুরগির বাচ্চা বোঝাই কাভার্ডভানে আগুন দিয়েছে দূর্বৃত্তরা 
বিমল কুন্ডুঃ শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা গ্রাম সংলগ্ন বগুড়া – নগরবাড়ি মহাসড়কে ব্রয়লার মুরগির বাচ্চা বোঝাই  একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা। আগুনে কাভার্ড ভানে থাকা সাড়ে ৭ হাজার ব্রয়লার মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে শাহজাদপুর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।
৬ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় বাধা দিতে গেলে গাড়ির চালক মোখলেসুরকে পিটিয়ে জখম করে দূর্বৃত্তরা। এদিকে রাতেই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান ও থানার অফিসার ইনচার্জ  খায়রুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাড়ির চালক মোখলেসুর জানান, তিনি গাজীপুরের শ্রীপুর থেকে সাড়ে ৭ হাজার ব্রয়লার মুরগির বাচ্চা নিয়ে পাবনা জেলার ফরিদপুর উপজেলায় যাচ্ছিলেন। একপর্যায়ে ঘটনাস্থলে পৌছালে হরতাল- অবরোধের সমর্থনে স্লোগান দিয়ে ২০/২৫ জনের একটি মিছিল তার গাড়ির গতিরোধ করে পেট্রোল জাতীয় পদার্থ ছিটিয়ে দিয়ে গাড়িতে আগুন  ধরিয়ে দেয় এবং  তাকে লাঠি দিয়ে বেদম মারপিট করে।
এ ব্যাপারে ৭ ডিসেম্বর বৃহস্পতিবার থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে জানান , এসিআই কোম্পানীর একটি কাভার্ভ ভ্যান সাড়ে ৭ হাজার মুরগির বাচ্চা নিয়ে গাজীপুরের  শ্রীপুর থেকে পাবনার ফরিদপুর যাচ্ছিল। একপর্যায়ে গাড়িটি উপজেলার টেটিয়ারকান্দায় পৌঁছালে দূর্বৃত্তরা তাতে আগুন দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুল নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান  আগুনে কাভার্ড ভ্যান সহ তাতে থাকা সব মুরগির বাচ্চা পুড়ে গেছে।  এ ঘটনায় গাড়ির চালক মোখলেসুর বাদি থানায় মামলা দায়ের করেছেন।