পীরগাছা প্রতিনিধিঃ রংপুরের পীরগাছায় কৃষকের চাহিদা অনুযায়ী আলু বীজের চরম সংকট দেখা দিয়েছে। সংকট দেখিয়ে ব্যবসায়ীরা হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। পছন্দের কোম্পানির বীজ না পেয়ে কৃষকরা অস্বাভাবিক আলু বীজ কিনতে বাধ্য হচ্ছে। আলু বীজের এই অস্বাভাবিক মূল্য যেন দেখার কেউ নেই।
বাজার ঘুরে দেখা যায়, বেসরকারি কোম্পানি ব্রাক সীডের আলু বীজের চরম সংকট দেখা দিয়েছে। বীজের জন্য কৃষক ছুটা ছুটি করছেন। এমনিতে বীজের মূল্য বেশী, তার উপর ব্রাক কর্তৃক নিয়োগপ্রাপ্ত ডিলাররা কর্মকর্তাদের সমন্বয়ে সিন্ডিকেট করে একদিনে কয়েক ঘন্টার মধ্যে কৃত্রিম সংকটের উদ্দেশ্যে কয়েকশ মেট্রিকটন ও হাজারের বেশী কার্টুন বীজ বিক্রির অভিযোগ উঠেছে। ব্রাকের বীজ শেষ করে ওই ডিলারই হল্যান্ডের বীজ-৩৩৬ কেজি দরে বিক্রি করছেন। কয়েক ঘন্টায় হাজারের বেশী কার্টুন ও কয়েকশ মেট্রিকটন বীজ বিক্রির বিষয়টি নিশ্চিত করেছেন বিক্রয় ম্যানেজার নুরুজ্জামান@নুরু।
সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, ভালো ফলনের আশায় এই অঞ্চলের কৃষক বেসরকারি সংস্থা ব্রাক সীডের আলু বীজের দিকে ঝুকে পড়েছেন। কিন্তু বাজারে এই কোম্পানির বীজ চাহিদা মতো পাওয়া যাচ্ছে না। সিন্ডিকেটের কব্জায় চলে গেছে ব্রাক সীড কোম্পানির আলু বীজ। ফলে ডিলার এবং খুচড়া দোকানে ঘুরেও পাচ্ছেন না কৃষক কাংখিত মানের আলুর বীজ। এই মুহুর্তে আলু উৎপাদনের উপযোগী করে তৈরী জমিতে অন্য কোন ফসল রোপনের চিন্তাও করতে পারছেন না কৃষকরা। বে-সরকারি কোম্পানি ব্রাক সীডের বীজ অস্বাভাবিক মূল্যে বিক্রি করছেন। যেমন এ ও বি গ্রেড ডায়মন্ড এবং এ ও বি গ্রেড স্টারিজ বীজ প্রতি কেজিতে কোম্পানির নির্ধারিত মূল্যের চেয়ে ৫/৭ টাকা বেশীতে বিক্রি হচ্ছে। কার্টুন “তো”উধাও। উপজেলায় বর্তমানে ব্রাক সীডের ৫০ কেজির ডায়মন্ড আলু বীজ বিক্রি হচ্ছে ১২ হাজার টাকায়। সেটাও আবার সবার কাছে নয়। যার বাজার মূল্য সাড়ে ৫হাজার টাকা। স্টারিজ এ গ্রেড কোম্পানি মূল্য ৬৮, বিক্রি হচ্ছে ৭৫ টাকা, বি গ্রেড ৬৬, বিক্রি হচ্ছে ৭২ টাকা। এ গ্রেড ডায়মন্ড কোম্পানি মূল্য ৬৬, বিক্রি হচ্ছে ৭৩ টাকা, বি গ্রেড ৬৩, ৬৮/৬৯ টাকা।
তবে ভূক্তভোগি কৃষকদের দাবী এই আলু বীজ সিন্ডিকেটের সাথে সরাসরি ব্রাকের দায়িত্বশীল অফিসার ও দুইজন ডিলার জড়িত। দেউতি বাজারের ব্রাকের ডিলার শামীম বলেন, ৮ হাজার টাকায় ৫০ কেজির কার্টুন বিক্রি করছি। নব্দীগঞ্জ বাজারের হাবীব ট্রেডার্সের ম্যানেজার নুরুজ্জামান @ নুর, কার্টুন বেশী দামে বিক্রির কথা স্বীকার করলেও বস্তার আলু ৬৮ টাকা দরে বিক্রির কথা বলেন।
তবে ভূক্তভোগি কৃষকরা বলেন ৭৫ টাকা কেজি দরে বীজ ক্রয় করতে হচ্ছে। নুর বলেন, গত ২৯ নভেম্বর ১৫শ কার্টুন ৭ হাজার ৫শ ও ৫শ মেট্রিকটন স্টারিজ আলুর বীজ ৬৮ টাকা কেজি দরে বিক্রি করেছি। তিনি আরো বলেন, আমরা মুনশিগঞ্জের নাবিলা এন্টারপ্রাইজ হতে হল্যান্ডের আমদানি করা স্টারিজ কার্টুন ১৬ হাজার ৮শ, ডায়মন্ড ৯ হাজার ৫শ, এলুয়েট ৯ হাজার, ছাগিতা ১০ হাজার, রশিদা ৭ হাজার ৫শ, টাকাদরে প্রতি কার্টুন আর ২৫ কেজির বস্তা ৭ হাজার ৬শ টাকা দরে বিক্রি করছি। তবে কৃষক বলেন-২৫ কেজির বস্তা ৭ হাজার ৮শ টাকা দরে ক্রয় করতে হচ্ছে। নুরুজ্জান নুর আরো বলেন, আমি বিক্রয় ব্যবস্থাপক মাত্র আমাকে যে দামে বিক্রির নির্দেশ দেন আমি সেই দামে প্রায় ২শ কার্টুন বিক্রি করেছি। শুধু তাই নয় দেউতি সহ উপজেলার অনেক বাজার ঘুরে দেখা যায় পাওয়ার সীডের বীজ ১০ হাজার টাকা কার্টুন ও নয়ন সীডের বীজ-৬২ টাকা কেজি বিক্রি করা হচ্ছে। চলতি ২৩ সালে আলুর মৌসুমে ব্রাক কর্তৃপক্ষ সরসরি কৃষকের নিকট হতে আলু ক্রয় করেছে ১৩ টাকায়। সেই আলুর বীজ, উৎপাদনকারি কৃষককে এখন কিনতে হচ্ছে ৭৫ টাকা আর কার্টুনের ২শ ২০ টাকা কেজি দরে। একদিকে চাহিদা অনুযায়ী ব্রাকের বীজ না পাওয়ায় কৃষকদের মাঝে হাহাকার শুরু হয়েছে।
অপর দিকে কৃষকদের জিম্মি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও ডিলার সমন্বয়ে গড়ে তোলা সিন্ডিকেট চড়া দামে আলু বীজ বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। উপজেলার দেউতি বাজারের ব্রাকের নিয়োগ প্রাপ্ত ডিলার শামীম ৮ হাজার টাকা দরে ব্রাক সীডের আলু বীজের কার্টুন বিক্রি করার কথা স্বীকার করেন। রংপুর কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক(ভার) এনামুল হক বলেন, আমাদের নিকট বীজের মূল্য বেশীর কোন তথ্য নেই।
তিনি আরো বলেন, কোম্পানিগুলো কৃষি দপ্তরের নিকট দায়বদ্ধ না। ব্রাক সীডের সহকারি ম্যানেজার (আলু বিক্রয়) আবুল মনছুর বলেন, যদি কোন ডিলার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দরে বিক্রি করেন তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। তবে কৃষি বিভাগ বাজার নিয়ন্ত্রনে ব্যর্থ হয়েছে।

