বাংলাদেশ প্রতিবেদক: ‘মধ্যবিত্ত পরিবারের জন্য ডিমই একমাত্র পুষ্টির চাহিদা মেটায়। এখন দামের যা অবস্থা এই ডিম খাওয়া ছেড়েই দিতে হবে। এক সপ্তাহে হালি প্রতি দাম ৮ টাকা বাড়ে? এইটা সিন্ডিকেট ছাড়া আর কি? প্রশাসনের উচিত ব্যবস্থা নেওয়া।’ এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম হালিতে ৮-১০ টাকা বেড়ে যাওয়ায় বগুড়া শহরের ৩ নম্বর রেলগেট এলাকায় ডিম কিনতে আসা স্কুলশিক্ষক আক্কাস আলী আক্ষেপ করে এসব কথা বলেন।
তীব্র গরমে চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম হওয়ায় দাম বেড়েছে বলে দাবি পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের। বৃহস্পতিবার শহরের ৩ নম্বর রেলগেট বাজার, দত্তবাড়ি ও বিভিন্ন এলাকার মুদী দোকান ঘুরে ডিমের বাড়তি দামের তথ্য পাওয়া গেছে।
ডিম কিনতে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এক সপ্তাহ আগেও ৪০ টাকা হালি দামে খুচরা পর্যায়ে মুদি দোকানে (লাল) মুরগির ডিম বিক্রি হয়েছে। বর্তমানে সেই ডিম খুচরা বাজারে ৮ থেকে ১০ টাকা বাড়তি দিয়ে কিনতে হচ্ছে তাদের। অর্থাৎ একজন ক্রেতাকে প্রতি হালি মুরগির ডিম কিনতে হচ্ছে ৪৮ থেকে ৫০ টাকায়।
পাইকারি ও খুচরা ডিম ব্যবসায়ীদের দাবি, কোম্পানিগুলোর থেকে বাড়তি দামে ডিম কিনতে হচ্ছে। পাশাপাশি তীব্র গরমে খামারে মুরগি মারা যাওয়া ও উৎপাদন কম হওয়ায় বাজারের ডিমের সরবরাহ অর্ধেকেরও নিচে নেমে এসেছে।
তবে মুরগির খামারিরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি প্রতিদিনের ডিম উৎপাদন স্বাভাবিক আছে। বড় বড় ডিম বাজারজাতকারী প্রতিষ্ঠান ও কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের জন্য ডিমের বাজার বেসামাল।
খামারিদের দাবির সত্যতা মিলেছে বগুড়ার কাহালুর মুরইল আফরিন কোল্ডস্টোরেজে। আজ বুধবার সেখান থেকে ৪ লাখ ৮৮ হাজার ৩৮৮টি মজুত করা ডিমের সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত। ওই সময় কোল্ডস্টোরেজ মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুত ডিম সাত দিনের মধ্যে হিমাগার থেকে বাজারে বিক্রি করা না হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা আফরোজ।
শহরের দত্তবাড়ি এলাকার পাইকারি ডিম ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, বগুড়া জেলাজুড়ে প্রতিদিন (লাল) মুরগির ডিমের চাহিদা থেকে প্রায় ৫ লাখ পিস। বর্তমানে সেখানে ব্যবসায়ীরা সরবরাহ পাচ্ছেন ৩ লাখ পিসের মতো। আজ শহরে পাইকারি ব্যবসায়ীরা প্রতি একশো পিস ডিম খুচরা ব্যবসায়ীদের কাছে ১ হাজার ৮০ টাকা দামে বিক্রি করেছেন। ডিম বাজারজাতকারী প্রতিষ্ঠান ও খামারিদের কাছ থেকে তাদের এই একশো পিস ডিম কেনা পড়েছে ১ হাজার ৫০ টাকা করে। খুচরা ব্যবসায়ীরা মুদি দোকানে একশো পিস ডিম ১২০ টাকা লাভে ১ হাজার ২০০ টাকায় বিক্রি করছেন।
দত্তবাড়ি এলাকার পাইকারি ডিম বিক্রয়কারী প্রতিষ্ঠান সেলিম এন্টারপ্রাইজের পরিচালক মো. সুমন বলেন, দিনে আমার আমার ডিমের চাহিদা প্রায় ৫০ হাজার পিস। সেখানে সরবরাহ পাচ্ছি মাত্র ২৫ থেকে ৩০ হাজার পিস ডিম। আজ কাহালুতে ডিমের মজুতের সন্ধানের পর সেগুলো বাজারে এসেছে। এরপরও দাম স্থিতিশীল হয়নি। সিন্ডিকেট ভাঙতে না ডিমের দাম আরও বৃদ্ধি পাবে।
শহরের উপশহর এলাকার মুদি ব্যবসায়ী রেজাউল করিম বলেন, ‘পাইকারিতে যেমন দামে কেনা পরে আমরা হালি প্রতি দুই টাকা লাভ রেখে বিক্রি করি। সপ্তাহ খানেক আগেও ডিমের হালি ছিল ৪০ টাকা। সেখান থেকে ৪৪ ও এখন ৪৮ টাকা হালিতে খুচরা পর্যায়ে ডিম বিক্রি হচ্ছে।’
ওই এলাকার উর্মি ডিম ঘরের সত্ত্বাধিকারী রতন মণ্ডল বলেন, ‘প্রতিদিন দোকানে ডিমের চাহিদা থাকে প্রায় ৪ হাজার পিস। সেখানে ডিম পাচ্ছি আড়াই হাজার পিসের মতো। শুনেছি মুরগি মারা যাওয়ায় ডিমের উৎপাদন কমে গেছে। সত্য-মিথ্যা বড় বড় ব্যবসায়ীরাই ভালো জানেন। আমরা যেমন দামে কিনি তেমন দামে বিক্রি করি।’
সদর উপজেলার এরুলিয়া এলাকার মুরগির খামারি আবু মোত্তালেব মানিক বলেন, আবহাওয়া কয়েক সপ্তাহ ধরে অনুকূলেই আছে। মুরগির খাবারের দাম কিছুটা বেশি। তবে ডিমের উৎপাদন কমে যাওয়া অজুহাত ভুয়া। কিছু অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের জন্য বাজার অস্থিতিশীল হচ্ছে।
বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ডিম মজুত করে যারাই সিন্ডিকেট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আজ একটি কোল্ডস্টোরেজকে জরিমানা করা হয়েছে। ইতিমধ্যে জেলার সব ইউএনওকে ডিমের সিন্ডিকেট থামাতে সবগুলো কোল্ডস্টোরেজে অভিযানের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অবস্থাতেই কাউকে ডিম মজুতের সুযোগ দেওয়া হবেনা।

