জুয়া খেলতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর নদীতে মিলল মরদেহ

0
জুয়া খেলতে গিয়ে নিখোঁজ, ২ দিন পর নদীতে মিলল মরদেহ

বাংলাদেশ প্রতিবেদক: গাইবান্ধা ফুলছড়ির যমুনা নদী থেকে ফারুক হোসেন (৫০) ও সোনা মিয়া (৫৫) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনারচর ও বাইনকার চর নামক স্থান থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত ২৬ তারিখ বুধবার রাতে তারা নিখোঁজ হন।

ফারুক হেসেন দক্ষিণ উদখালি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের প্রয়াত নজলার রহমানের ছেলে এবং সোনা মিয়া পার্শ্ববর্তী গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামের তিন নম্বর ওয়ার্ডের প্রয়াত আবুল কাশেমের ছেলে।

উদাখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, গত বুধবার রাতে উপজেলার কালিরক্যাশ নামক চরে জুয়া খেলতে যায় ফারুক ও সোনা মিয়া। জুয়া খেলার একপর্যায়ে একদল মানুষের টর্চ লাইটের আলো ও বাঁশির শব্দ শুনে ১০ থেকে ১৫ জনের একদল জুয়ারি নদীতে লাফ দেয়। এরপর থেকেই নিখোঁজ হন ফারুক ও সোনা মিয়া। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে তাদের মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

ওই ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য খাজা মিয়া বলেন, দুই মাস আগে দুবাই প্রবাসী ফারুক হোসেন গ্রামে ফিরে আসেন। ঘটনার রাতে স্থানীয় কুখ্যাত জুয়ারি মোশাররফ হোসেন লম্বু ফারুক হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। নদীর ওপারে জুয়া খেলার সময় পুলিশের ধাওয়া খেয়ে তারা নদীতে লাফ দেন। কিন্তু সোনা মিয়া ও ফারুক হোসেন পাড়ে ফিরতে পারেনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তারা।

জানতে চাইলে ফুলছড়ি থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, আজ শুক্রবার সকালে খবর পেয়ে গজারিয়া ইউনিয়নের যমুনা নদীর গলনার চর ও বাইনকার চর নামকস্থানে নদী থেকে ভাসমান অবস্থায় ফারুক ও সোনা মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের পর তাদের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।