মানিকগঞ্জে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে জামায়াত নেতাকে মারধরের ঘটনায় ইউপি মেম্বার গ্রেফতার

0
মানিকগঞ্জে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে জামায়াত নেতাকে মারধরের ঘটনায় ইউপি মেম্বার গ্রেফতার

মিজানুর রহমান বাদল: মানিকগঞ্জে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে জামায়াত নেতাকে মারধরের অভিযোগে এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে সদর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে, গত রবিার (১ ডিসেম্বর) সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরকৃষ্ণপুর আন নুর তাহফিজুল কুরআন মহিলা মাদরাসায়।

গ্রেফতারকৃত তাইজুদ্দিন ওই এলাকার মাদ্রসার সভাপতি ও কৃষ্ণপুর ইউনিয়নের ইউপি সদস্য। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানাযায়, সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরকৃষ্ণপুর তাজবিদুল কুরআন হাফিজিয়া এতিমখানা মাদরাসায় ওয়াজ মাহফিলে গত ৩০ নভেম্বর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।ওই মাহফিলের প্রধান বক্তা ইয়াহইয়া তাকী ইসকনের কর্মকা- নিয়ে আলোচনা করেন। এ সময় বক্তাকে বাধা দেন মাহফিলের সভাপতি ও ইউপি সদস্য তাইজুদ্দিন। এ নিয়ে মাহফিলে হট্টগোল বাঁধে। এর জেরে পরদিন ১ ডিসেম্বর ওই ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকার আন নুর তাহফিজুল কুরআন মহিলা মাদরাসার ভেতরে প্রবেশ করে মাদরাসার অধ্যক্ষ ও কৃষ্ণপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. সোলাইমানকে মারধর করেন ইউপি সদস্যসহ ১০/১২ জন ব্যক্তি। এতে অধ্যক্ষ গুরুতর আহত হন। এ সময় মাদরাসার অফিস কক্ষ থেকে পাঁচ হাজার ২৫০ টাকা চুরি করে নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা এগিয়ে গেলে মাদরাসার অধ্যক্ষকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায় হামলাকারীরা। এরপর স্থানীয়রা আহত অবস্থায় জামায়াত নেতাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর জামায়াত নেতার স্ত্রী শেফালি আক্তার বাদী হয়ে গতকাল রোববার রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে অভিযুক্ত কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য ও মামলার আসামি তাইজুদ্দিনকে গ্রেফতাার করে পুলিশ।

গ্রেফতারকৃত ইউপি সদস্য বিগত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত তাইজুদ্দিনকে গ্রেফতার করেছে। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।