শর্শা প্রতিনিধি: ভারতীয় ভিসা প্রাপ্তিতে বাড়তি নজরদারি, শর্ত ও জটিলতার কারণে চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম চার মাসে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাতায়াতে বড় ধস নেমেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এবার কমে গেছে ৪ লাখ ২ হাজার ৮৪৯ জন যাত্রী।
চেকপোস্ট বন্দর সূত্র জানায়, ভ্রমণ, ব্যবসা, চিকিৎসা ও উচ্চশিক্ষার উদ্দেশ্যে প্রতিবছর বেনাপোল স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে ১৮–২০ লাখ পাসপোর্টধারী যাত্রী চলাচল করে। এতে বাংলাদেশ সরকার ভ্রমণকর বাবদ প্রায় ১৫০ কোটি টাকা এবং ভারত সরকার ভিসা ফি বাবদ প্রায় ২০০ কোটি টাকা আয় করে।
২০২৪–২৫ অর্থবছরের জুলাই–অক্টোবর চার মাসে বেনাপোল দিয়ে যাতায়াত করেছিলেন ৬ লাখ ৫ হাজার ৮১৮ জন যাত্রী। কিন্তু ২০২৫–২৬ অর্থবছরে একই সময়ে যাত্রী সংখ্যা নেমে আসে মাত্র ২ লাখ ২ হাজার ৯৬৯ জনে—যা গতবারের তুলনায় চার লাখের বেশি কম।
এতে ভারত সরকারের ভিসা ফি বাবদ রাজস্ব কমেছে প্রায় ৪২ কোটি টাকা, আর বাংলাদেশ সরকারের ভ্রমণকর খাতে রাজস্ব কমেছে ৩২ কোটি টাকা।
গত বছরের ৫ আগস্ট ভারত সরকার পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে বাংলাদেশের নাগরিকদের ভিসা সংক্ষিপ্ত করা ও একাধিক শর্ত আরোপ করা হয়। ফলে চিকিৎসা, ব্যবসা ও পারিবারিক ভ্রমণ ব্যাহত হচ্ছে। তবে ভারতীয়দের ভিসা পেতে কোনো বাধা না থাকায় তাদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশি ভ্রমণকারী আতিয়ার রহমান বলেন, “ভিসা পেতে এখন অনেক টাকা ও হয়রানির শিকার হতে হচ্ছে। ব্যবসা ও চিকিৎসায় ক্ষতি হচ্ছে।
ভিসা-সম্পর্কিত কাজে নিয়োজিত হায়দার আলী জানান,দালাল ছাড়া ভিসা পাওয়া যায় না। অনেক সময় ভিসা না দিয়ে পাসপোর্টই ফেরত দিয়ে দেয়।
চিকিৎসা ভিসায় ভারত গিয়ে হয়রানির শিকার হন আব্দুল হান্নান। তিনি বলেন,এক ডাক্তার দেখানোর ভিসা ছিল। আত্মীয় অন্য হাসপাতালে নেওয়ায় ফেরার সময় ইমিগ্রেশনে তিন ঘণ্টা হয়রানি করেছে। ভবিষ্যতে ভিসা না-দেওয়ার হুমকি দিয়েছে।
বাংলাদেশে বেড়াতে আসা ভারতীয় নাগরিক সুরজিৎ সাহা ও রেখা সাহা জানান, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে তারা স্বাভাবিক নিয়মেই ভিসা পেয়েছেন, কোনো ঝামেলা হয়নি।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন বলেন,ভিসা জটিলতার কারণে যাত্রী পারাপার ব্যাপকভাবে কমে গেছে। এর সঙ্গে সরকারের রাজস্বও কমছে।সর্বশেষ সোমবার বেনাপোল দিয়ে ভারতে গেছেন মাত্র ৯৪০ জন যাত্রী, এর মধ্যে ৫৯০ জন বাংলাদেশি, ৩৫০ জন ভারতীয়।

