মুলাদী প্রতিনিধি:বরিশালের হিজলায় বিদ্যুতায়িত হয়ে নজরুল ইসলাম (১৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কাউরিয়া বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম কাউরিয়া গ্রামের সালেম সরদারের ছেলে। তিনি জব্বার খানের বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন।
কাউরিয়া গ্রামের রিয়াজুল ইসলাম জানান, নজরুল ইসলাম শুক্রবার সকালে জব্বার খানের পাকা ভবনে কাজ করতে ছিলেন। এক পর্যায়ে তিনি অসাবধনাবশতঃ বিদ্যুতায়িত হন। বিষয়টি বুঝতে পেরে পার্শ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তোফাজ্জেল হোসেন বলেন, নজরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিলো।

