রাজবাড়ী প্রতিনিধিঃ নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. শাহিন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, শাহিন শেখ বিদেশে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে অবস্থান করছিলেন। ইমিগ্রেশন পার হওয়ার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকেল পৌনে ৩টায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শাহিন শেখ আত্মগোপনে ছিলেন। রাজবাড়ী সদর উপজেলার মৃত লোকমান শেখের ছেলে শাহিন ২০২২ সালের মার্চে জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান। জুলাই বিপ্লব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল জানান, শাহিন শেখকে আইনি প্রক্রিয়া শেষে দ্রুত রাজবাড়ী নিয়ে আসা হবে এবং সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

