উলিপুরে লাঙ্গল ছেড়ে হাতপাখায় ২’শ নেতাকর্মী: কুড়িগ্রাম-৩ আসনে জমজমাট নির্বাচনী লড়াই

0
উলিপুরে লাঙ্গল ছেড়ে হাতপাখায় ২’শ নেতাকর্মী: কুড়িগ্রাম-৩ আসনে জমজমাট নির্বাচনী লড়াই

উলিপুর প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের রাজনৈতিক মাঠে নতুন মেরুকরণ শুরু হয়েছে। জাতীয় পার্টির সাংগঠনিক দুর্বলতা ও প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ করে দলটির প্রায় দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ‘হাতপাখা’ প্রতীকের প্রতি সমর্থন জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উলিপুর উপজেলা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর সাথে এক মতবিনিময় সভায় তারা এই ঘোষণা দেন।

জাতীয় পার্টির ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ, উপজেলা পর্যায়ে দলের সাংগঠনিক স্থবিরতা এবং কর্মীদের সঠিক মূল্যায়ন না করার কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জাতীয় কৃষক পার্টির সভাপতি আলম মিয়াবলেন: “বর্তমান উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক দুর্বলতা এবং কর্মীদের অবমূল্যায়নের কারণে আমরা প্রায় ২০০ নেতাকর্মী হাতপাখাকে বিজয়ী করার লক্ষ্যে সমর্থন দিয়েছি। নির্বাচনের দিন পর্যন্ত আমরা হাতপাখার পক্ষেই মাঠে থাকব।”

জাতীয় পার্টির উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন: আলম মিয়া সদস্য, উপজেলা আহ্বায়ক কমিটি ও সাবেক সভাপতি, জাতীয় কৃষক পার্টি। নুর আমীন সাংগঠনিক সম্পাদক, পৌর জাতীয় পার্টি। আবু বক্কর সিদ্দিক সিরাজ সাবেক যুব সভাপতি। সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

নতুন সমর্থকদের স্বাগত জানিয়ে ২৭-কুড়িগ্রাম-৩ আসনের ইসলামী আন্দোলন মনোনীত এমপি প্রার্থী ডাঃ আক্কাস আলী সরকার বলেন, এই সমর্থন হাতপাখার বিজয়কে আরও সুনিশ্চিত করবে।

পৌর শাখার সভাপতি মাওলানা আবু সাঈদ সুমন জানান: “বিভিন্ন এলাকার নেতাকর্মীরা স্বেচ্ছায় এসে হাতপাখাকে সমর্থন দিয়েছেন। আমাদের দলের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানানো হয়েছে। এখন থেকে তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।”

কুড়িগ্রাম-৩ আসনটি ঐতিহাসিকভাবে জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত হলেও নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই গণ-যোগদান আসনটিতে লাঙ্গলের ভোটব্যাংকে বড় ধরনের ধাক্কা দিতে পারে বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।

ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান, সেক্রেটারি আরিফুল ইসলাম, পৌর সেক্রেটারি ফখরুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।