সিরাজগঞ্জ- ৬ আসনে ৯ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

0
সিরাজগঞ্জ- ৬ আসনে ৯ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

বিমল কুন্ডু  : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনে ১১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ৯ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। ওই ৯ জন প্রার্থী নির্বাচন কমিশনের বিধি মোতাবেক নূন্যতম ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচনের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। পরবর্তীতে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাসফিকা হোসেন স্বাক্ষরিত ভোটের ফলাফলের তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকা অনুযায়ী এ আসনের ১৬০টি ভোট কেন্দ্রে বিজয়ী বিএনপি’র প্রার্থী এম এ মুহিত (ধানের শীষ ) পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোটভুক্ত এনসিপি’র এসএম সাইফ মোস্তাফিজ (শাপলা কলি) পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮৮৪ ভোট।

এছাড়া প্রতিদ্বন্দ্বী অপর প্রার্থীদের মধ্যে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মিসবাহ উদ্দিন (হাতপাখা) ২৫৮০ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোশারফ হোসেন শহিদুল (মোমবাতি) ১১০০ ভোট, জাতীয় পার্টির মোক্তার হোসেন (লাঙ্গল) ১০৯৮ ভোট , জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির ইলোরা খাতুন (তারা) ৮৯০ ভোট, আম জনতার দলের আসাদুল হক (প্রজাপতি) ৬৫৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির (ঘোড়া) ৪৪১ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী আনোয়ার হোসেন (মই) ৪০০ ভোট, আমার বাংলাদেশ পার্টির ‘(এবি পার্টি) আবু জাফর মোঃ আনোয়ারুস সাদাত (ঈগল) ২৭১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ওয়াসেক ইকবাল খান মজলিস (হেলিকপ্টার) ২৫২ ভোট পেয়েছেন। এই আসনের ১৬০টি কেন্দ্রে‌ ২ লাখ ৮৩ হাজার ১১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) শাহজাদপুর উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন জানান, নির্বাচন কমিশনের ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তারিখের পরিপত্র অনুযায়ী নির্বাচনে প্রদত্ত মোট বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ বা শতকরা ১২.৫ শতাংশ ভোট না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। তিনি জানান , সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর ) আসনে সদ্য সমাপ্ত নির্বাচনে ১১ জন প্রার্থীর মধ্যে বিজয়ী ও নিকটতম প্রার্থী ছাড়া অপর ৯ জন প্রার্থী বিধি মোতাবেক নূন্যতম ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে ।