বৃষ্টি ও জনস্রোতে লণ্ডভণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক: ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট, চরম দুর্ভোগ

0
বৃষ্টি ও জনস্রোতে লণ্ডভণ্ড ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক: ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট, চরম দুর্ভোগ

গাজীপুর প্রতিনিধিঃ ঈদে ঘরমুখো মানুষের বাঁধভাঙা জোয়ার আর শেষ বিকেলের আকস্মিক বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। বুধবার (১৮ মার্চ) দুপুরের পর থেকে শুরু হওয়া যানজট সন্ধ্যার দিকে ভয়াবহ আকার ধারণ করেছে। কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়কে কেন্দ্র করে মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকা এখন কার্যত যানবাহনের কবজায়। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকে নারী, শিশু ও বৃদ্ধসহ হাজার হাজার যাত্রী অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছেন।

সকাল থেকেই মহাসড়কে যানবাহনের চাপ ছিল অনেক বেশি। তবে দুপুরের পর গাজীপুর এলাকার প্রায় দুই হাজার শিল্পকারখানা একসঙ্গে ছুটি হলে পরিস্থিতি জটিল হতে শুরু করে। এর ওপর বিকেলের বৃষ্টি যেন ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দেয়। বৃষ্টির কারণে সড়কের নিচু স্থানে পানি জমে যাওয়া এবং যানবাহনের গতি কমে আসায় উত্তরবঙ্গগামী লেনে তৈরি হয় দীর্ঘ সারি।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চন্দ্রা থেকে কোনাবাড়ি এবং চন্দ্রা-নবীনগর সড়কের জিরানি পর্যন্ত যানবাহনের চাকা ঘোরছে না বললেই চলে। কোথাও কোথাও মাত্র ৫ কিলোমিটার পথ পাড়ি দিতে যাত্রীদের সময় লাগছে দুই থেকে আড়াই ঘণ্টা।

সরেজমিনে দেখা গেছে, বাস, ট্রাক, পিকআপ এমনকি খোলা ট্রাকেও মানুষ গাদাগাদি করে বাড়ির পথে রওনা দিয়েছেন। বৃষ্টির হাত থেকে বাঁচতে অনেককে পলিথিন মাথায় দিয়ে বা ভিজে অবস্থায় গাড়িতে বসে থাকতে দেখা গেছে।

পাবনাগামী যাত্রী হেমায়েত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুপুরে ঢাকা থেকে বের হয়েছি, কিন্তু এখনো গাজীপুরেই আটকে আছি। সাথে ছোট বাচ্চা নিয়ে বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা। কখন পৌঁছাব জানি না।” একইভাবে রাজশাহীগামী কলেজছাত্র মাহফুজ জানান, সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছানোর কথা থাকলেও এখন মনে হচ্ছে পুরো রাত সড়কেই কাটাতে হবে।

ধৈর্য হারিয়ে অনেক যাত্রীকে বাস থেকে নেমে বৃষ্টিতে ভিজেই পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হতে দেখা গেছে। কেউ কেউ অটোরিকশা বা হিউম্যান হলারে করে উল্টো পথ দিয়ে চন্দ্রার দিকে যাওয়ার চেষ্টা করছেন, যা যানজট পরিস্থিতিকে আরও ঘোলাটে করছে।

কোনাবাড়ী নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, “যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা অনেক বেশি। তার ওপর বৃষ্টির কারণে গাড়ির গতি কমে গেছে। হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে যানজট নিরসন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন।”

শিল্প পুলিশ জানিয়েছে, বিপুল সংখ্যক পোশাক শ্রমিক একসঙ্গে রাস্তায় নেমে আসায় এবং অনেক জায়গায় গাড়ি বিকল হয়ে পড়ায় যানজট দীর্ঘ হয়েছে। রাত বাড়ার সাথে সাথে চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।