জামালপুর প্রতিনিধিঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও দুঃস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফ-এর চাল অবৈধভাবে মজুদের অভিযোগে জামালপুরের সরিষাবাড়ীতে এক ঝটিকা অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার বিকেলে উপজেলার চাপারকোনা এলাকায় পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ সরকারি চাল ও খাদ্য অধিদপ্তরের সিলমোহরযুক্ত বস্তা জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার চাপারকোনা এলাকায় শ্রী রাজিব পালের একটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করে আসছিলেন স্থানীয় ব্যবসায়ী সাকলায়েন মিয়া। সম্প্রতি ঈদ উপলক্ষে ইউনিয়ন পরিষদের মাধ্যমে উপকারভোগীদের মাঝে ১০ কেজি করে সরকারি চাল বিতরণ করা হয়। অভিযোগ ওঠে, সাকলায়েন অসাধু পন্থায় সাধারণ মানুষের কাছ থেকে এই চাল সংগ্রহ করে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে তার ভাড়া করা গুদামে মজুদ করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা রিছিল ওই গুদামে ঝটিকা অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন ওই গুদাম থেকে উদ্ধার করা হয় ৫০ কেজি ওজনের ৬৬টি প্লাস্টিকের বস্তা (মোট ৩ হাজার ৩০০ কেজি চাল)। খাদ্য অধিদপ্তরের লোগো ও সিল সম্বলিত বিপুল পরিমাণ খালি বস্তা।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী সাকলায়েন মিয়া ঘটনাস্থল থেকে সুকৌশলে পালিয়ে যান। জব্দকৃত চাল ও বস্তাগুলো বর্তমানে সরিষাবাড়ী থানা হেফাজতে রাখা হয়েছে।
অভিযান শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা রিছিল বলেন, “গরিবের হক মেরে সরকারি চাল অবৈধভাবে মজুদ করা একটি দণ্ডনীয় অপরাধ। খবর পাওয়া মাত্রই আমরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চাল ও সরকারি বস্তা উদ্ধার করেছি। সরকারি সহায়তার চাল কেনাবেচার সঙ্গে জড়িত অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।”
সরিষাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যবসায়ী সাকলায়েন মিয়া পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

