দৌলতদিয়ায় ফেরিঘাটে বাসডুবির মর্মান্তিক ঘটনা: ১৯ মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ অনেকে

0
দৌলতদিয়ায় ফেরিঘাটে বাসডুবির মর্মান্তিক ঘটনা: ১৯ মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ অনেকে

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় পদ্মায় বাস তলিয়ে যাওয়ার ঘটনায় উদ্ধার অভিযানের ৭ ঘণ্টা পর ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাত ১টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

বুধবার বিকেলে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ৩ নম্বর ফেরিঘাট এলাকায় পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই বাসটি খরস্রোতা পদ্মায় তলিয়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার কাজে ঝাপিয়ে পড়ে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের কমান্ডার মো. বেলাল উদ্দিন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং বিআইডব্লিউটিএ-এর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ নিরলস প্রচেষ্টার পর রাত ১২টার দিকে বাসটি পানি থেকে উপরে তুলে আনতে সক্ষম হয়। বাসের ভেতরে এবং আশপাশ থেকে এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন তার সঠিক সংখ্যা নিশ্চিত না হওয়ায় আরও অনেকে নিখোঁজ থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এক শোকবার্তায় তিনি জানান, নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের পরিবারকে ১৫ হাজার টাকা করে প্রাথমিক সহায়তা দেওয়া হবে। দুর্ঘটনার দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক উদ্ধার কার্যক্রম মনিটরিং করছেন।

ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজ তদারকি করছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পৃথক দুটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে: মন্ত্রণালয় ভিত্তিক কমিটি: নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মহিদুল ইসলামকে প্রধান করে গঠিত এই কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জেলা প্রশাসন ভিত্তিক কমিটি: অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মেকে প্রধান করে গঠিত এই কমিটিকে ৩-৪ কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। নদীর তীরে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।