কৃষিমন্ত্রীর নির্দেশে ঈশ্বরদীতে কৃষকের ডিজেল সংকটের সমাধান

0
কৃষিমন্ত্রীর নির্দেশে ঈশ্বরদীতে কৃষকের ডিজেল সংকটের সমাধান

ঈশ্বরদী প্রতিনিধি : ঈশ্বরদীতে কৃষিযন্ত্র চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেল না পেয়ে সরাসরি কৃষিমন্ত্রীর শরণাপন্ন হন স্থানীয় কৃষকরা। তাঁদের এই সংকটের দ্রুত সমাধানে মন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশনায় অবশেষে দূর হয়েছে ডিজেল জট।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল থেকে উপজেলার সব পেট্রোল পাম্পে প্লাস্টিকের জারে করে কৃষকদের চাহিদা অনুযায়ী ডিজেল সরবরাহ শুরু হয়েছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা সময় নির্ধারণ করেছে, যাতে কৃষকরা নির্বিঘ্নে জ্বালানি সংগ্রহ করতে পারেন।

এই নির্ধারিত সময়ে প্রকৃত কৃষকদের হয়রানি ছাড়াই তেল সরবরাহ নিশ্চিত করতে প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা কৃষি অফিস থেকে বিশেষ ‘কৃষক শনাক্তকরণ কার্ড’ ইস্যুর মাধ্যমে তেল সংগ্রহ প্রক্রিয়া সহজ করা হয়েছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, পানির পাম্প, হারভেস্টার ও পাওয়ার টিলারের মতো কৃষিযন্ত্র চালাতে পাম্প মালিকরা প্লাস্টিকের জারে তেল দিতে অস্বীকৃতি জানালে চরম সংকটে পড়েন তারা। রবি মৌসুমের ফসল কাটা ও মাড়াইয়ের গুরুত্বপূর্ণ সময়ে এই সংকটে কৃষিকাজে স্থবিরতা দেখা দেয়।

সম্প্রতি উপজেলা কৃষি অফিসে আয়োজিত এক সভায় জাতীয় পদকপ্রাপ্ত কৃষক ও কৃষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ সরাসরি কৃষিমন্ত্রীকে ফোনে বিষয়টি অবহিত করেন। এরপর মন্ত্রীর তাৎক্ষণিক নির্দেশে সক্রিয় হয় স্থানীয় প্রশাসন এবং দ্রুত এ সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়।

প্রশাসনের নজরদারি ও বিশেষ কার্ড ব্যবস্থার ফলে বর্তমানে ঈশ্বরদীর মাঠে আবারও পুরোদমে কৃষিকাজ শুরু হয়েছে।

ডিজেল সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কৃষিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ, সাধারণ সম্পাদক আবদুল জলিল কিতাব মণ্ডলসহ শত শত কৃষক।

সিদ্দিকুর রহমান ময়েজ বলেন, “চাহিদা অনুযায়ী তেল না পেয়ে আমরা রবিশস্য কাটা ও মাড়াই নিয়ে চরম সংকটে ছিলাম। মন্ত্রীর নির্দেশনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপে আমরা বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছি।”

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন জানান, মন্ত্রীর নির্দেশ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যার সমাধান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, “পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে কৃষকদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ট্যাগ অফিসারদের মাধ্যমে প্রকৃত কৃষকদের শনাক্ত করে প্রতিদিন নির্ধারিত এক ঘণ্টা তেল সরবরাহ করা হচ্ছে, যাতে কৃষিযন্ত্র সচল থাকে।”