সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে চালক-হেলপারসহ নিহত ৩, আহত ১৫

0
সিরাজগঞ্জে বাসের চাকা ফেটে চালক-হেলপারসহ নিহত ৩, আহত ১৫

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় চালক ও হেলপারসহ অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে নলকা এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়া থেকে ময়মনসিংহ অভিমুখে যাচ্ছিল বুশরা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস। বাসটি যমুনা সেতুর পশ্চিম পাড়ের নলকা এলাকায় পৌঁছালে হঠাৎ সেটির একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। এতে চালক দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশের আইল্যান্ড এবং ওভারব্রিজের পিলারের মাঝামাঝি জায়গায় সজোরে ধাক্কা খেয়ে আটকে যায়।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যাওয়ায় চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিরুল ইসলাম বলেন, “বাসটি দ্রুত গতিতে থাকার সময় চাকা ফেটে যাওয়ায় চালক আর সামলাতে পারেননি। আমরা খবর পাওয়া মাত্রই উদ্ধার অভিযান শুরু করেছি।”

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় যানচলাচল কিছুটা বিঘ্নিত হলেও হাইওয়ে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে কাজ চলছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরিবারের সদস্যদের খবর দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।